পঞ্চগড়ে রাতের আঁধারে সরকারি গাছ উধাও, জব্দ ২১ টুকরো; তদন্তে বন বিভাগ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ এএম

সঞ্জু বনিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড় | ২১ অক্টোবর ২০২৬

পঞ্চগড় সদর উপজেলায় রাতের আঁধারে সরকারি ইউক্যালিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ২১ টুকরো গাছ জব্দ করেছে বন বিভাগ। গাছ কাটার ঘটনায় তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের বিষ্ণু নারায়ণী মৌজার কাটাবাড়ি এলাকায়। অভিযুক্ত জাহিরুল ইসলাম পঞ্চগড় সদর উপজেলা তাঁতী দলের সভাপতি। তবে সরকারি গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

বন বিভাগের পঞ্চগড় সদর উপজেলার বিট কর্মকর্তা জয়নুল আবেদিন জানান, বিষ্ণু নারায়ণী মৌজায় ২০০৪ সালে রোপণ করা ইউক্যালিপটাসের বাগান রয়েছে। গত রোববার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে স্থানীয়দের মাধ্যমে সরকারি গাছ কাটার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে পুলিশের সহযোগিতায় ২১ টুকরো ইউক্যালিপটাস গাছ জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকার বেশি।

তিনি আরও জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, জাহিরুল প্রধান, হালিম ও আনিস নামের কয়েকজনের বিরুদ্ধে গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

স্থানীয় সাবেক ছাত্রদল নেতা মো. সোহেল অভিযোগ করেন, এলাকায় রাতের আঁধারে সরকারি গাছ কাটার ঘটনা ঘটছে। বন বিভাগকে বিষয়টি জানানোর পরও অভিযুক্ত তাঁতী দল নেতার বাড়ির সামনে কাটা গাছ রয়েছে বলে তিনি দাবি করেন।

পঞ্চগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা আবু বক্কর সিদ্দিক এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি গাছ কাটার পেছনে কারা জড়িত এবং কার প্রভাবে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

অন্যদিকে, কামাত কাজলদিঘী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গমিরউদ্দিন প্রধান জানান, জাহিরুল প্রধানসহ গ্রামবাসীর সঙ্গে পরামর্শ করে গাছগুলো কাটা হয়েছিল। পরে জালাসিসহ বিভিন্ন এলাকার লোকজন ঘটনাস্থলে এসে জড়ো হলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে সরকারি গাছ কেটে ট্রলিতে করে নিয়ে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একই সঙ্গে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়। পরে বন বিভাগ কাটা গাছগুলো জব্দ করে।

সরকারি গাছ কাটার এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। তবে অভিযোগের চূড়ান্ত সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com