খুলনায় যুবককে হত্যাচেষ্টার আসামি মাদারীপুরে এসআরবি-র হাতে গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পিএম
নাজমুল হাসান, মাদারীপুরঃ
খুলনার দৌলতপুরে মহিদুল নামের এক যুবককে গুলি করে হত্যাচেষ্টা মামলার অন্যতম প্রধান এজাহারনামীয় আসামি শাকিল হাওলাদারকে (২৪) মাদারীপুর থেকে গ্রেফতার করেছে এসআরবি-৮।
আজ ২০ অক্টোবর ২০২৬ গভীর রাতে মাদারীপুর সদর থানাধীন থানতলী বাজার এলাকায় এসআরবি-৮, সিপিসি-৩ (মাদারীপুর ক্যাম্প) এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত শাকিল হাওলাদার খুলনার দৌলতপুর থানার পাবলা ফকিরপাড়া এলাকার রেজাউল হাওলাদারের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ৬টার দিকে খুলনা দৌলতপুর সরকারি বিএল কলেজের ২ নম্বর গেট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মহিদুল নামের এক যুবক গুরুতর আহত হন। চাঞ্চল্যকর এই ঘটনায় দৌলতপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকেই অভিযুক্ত শাকিল হাওলাদার দেশের বিভিন্ন স্থানে গা-ঢাকা দিয়ে আসছিলেন।
অবশেষে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদারীপুরের থানতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার এই প্রধান আসামিকে আইনের আওতায় আনতে সক্ষম হয় এসআরবি। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট দৌলতপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।