দুর্গোৎসবের ৫ দিনের জন্য বন্ধ করে দেওয়া হলো ঘিওর মাষ্টারপাড়া সড়ক
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের ঘিওর উপজেলার গুরুত্বপূর্ণ মাষ্টারপাড়া সড়কে পাঁচ দিনের জন্য যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । সড়কের ওপর শতদল সংঘের পূজামণ্ডপ ও প্যান্ডেল নির্মাণ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে । এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকেরা । বিকল্প পথে যানবাহনের চাপ বেড়ে জনতার মোড়ে তৈরি হয়েছে তীব্র যানজট ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ বছর ঘিওর উপজেলায় ৮৪টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে । উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে ঘিওর সদর ইউনিয়নের মাষ্টারপাড়ার শতদল সংঘ ও ডিসি ক্লাব এবং সাহাপাড়ার কচিকাঁচা সংঘে জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে । এর মধ্যে মাষ্টারপাড়ার প্রধান পাকা সড়কের ওপর অস্থায়ীভাবে শতদল সংঘের পূজামণ্ডপ নির্মাণ করা হয়েছে । দুর্গোৎসব উপলক্ষে সড়ক জুড়ে প্যান্ডেল স্থাপন করায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে ।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ঘিওর-শ্যামগঞ্জ সড়কের আওতায় মাষ্টারপাড়ার এ সড়কের নির্মাণকাজ প্রায় এক বছর আগে শেষ হয় । নতুন পাকা সড়কটি ঘিওর বাসস্ট্যান্ড থেকে বরংগাইল আঞ্চলিক মহাসড়ক ও বানিয়াজুরী সড়কে যাতায়াতের গুরুত্বপূর্ণ সংযোগপথ হয়ে উঠেছে । ঘিওরের প্রধান সড়কের জনতার মোড়ে পিচ উঠে বড় গর্ত সৃষ্টি হওয়ায় বিকল্প পথ হিসেবে মাষ্টারপাড়া সড়কের গুরুত্ব আরও বেড়েছে ।
গত ১৬ অক্টোবর সড়কটির মরহুম মাইনুদ্দিন আহমেদ বিএসসি সড়ক ও মরহুম খন্দকার ফজলুল হক মাস্টার সড়কের দুটি প্রবেশমুখ বাঁশ দিয়ে আটকে দেওয়া হয় । এতে পথচারীদের চলাচলের সুযোগ থাকলেও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় ।
পূজা উদযাপন কমিটির সঙ্গে কথা বলে জানা গেছে, শতদল সংঘের নিজস্ব নির্ধারিত জায়গা না থাকায় কয়েক বছর ধরে সড়কটির উপরে অস্থায়ীভাবে পূজামণ্ডপ স্থাপন করা হচ্ছে । ২/৩ বছর ধরে এখানে দুর্গোৎসব করা হচ্ছে । সড়কটি পাকা হওয়ার পর যানবাহন চলাচল বেড়ে যাওয়ায় এবার মণ্ডপ নির্মাণের কারণে জনদুর্ভোগ বেড়েছে ।
যাত্রী ও চালকেরা জানান, সড়কটি বন্ধ থাকায় তাঁদের বিকল্প পথে চলাচল করতে হচ্ছে । স্থানীয় বাসিন্দারা জানান, জনতার মোড়ে বড় গর্তের কারণে প্রধান সড়কে যান চলাচল এমনিতেই ব্যাহত হচ্ছে । সেখানে ইট ফেলে সাময়িক ব্যবস্থা নেওয়া হলেও একমুখী চলাচলের কারণে তীব্র যানজট তৈরি হয়েছে । তাই আগে যে পথ দশ মিনিটে পাড়ি দেওয়া যেত, সেখানে এখন আধা ঘণ্টারও বেশি সময় যানবাহনে বসে থাকতে হচ্ছে ।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাশিতা-তুল ইসলাম জানান, প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন । পাশাপাশি পুলিশও টহল দিচ্ছে । অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের নজরদারি ও পরিদর্শন অব্যাহত রয়েছে । শতদল সংঘের মণ্ডপ সড়কের ওপর নির্মাণ করায় অসুবিধা হচ্ছে এবং যানজট বেড়ে গেছে । তবে সবার সহযোগিতা থাকলে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হবে ।
স্থানীয়দের দাবি, জনদুর্ভোগ এড়াতে ভবিষ্যতে শতদল সংঘের পূজামণ্ডপটি সড়ক থেকে সরিয়ে অন্যত্র অথবা স্থায়ীভাবে নিরাপদ কোনো স্থানে নির্মাণ করা হোক । এতে ধর্মীয় উৎসবের আয়োজন নির্বিঘ্ন রাখার পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলও স্বাভাবিক রাখা সম্ভব হবে ।