কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন এমপি বাচ্চু মোল্লা, সেবার মান নিয়ে কঠোর বার্তা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:২২ পিএম
তানভীর আজাদ কুষ্টিয়া প্রতিনিধি |
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি এবং কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. রেজা আহামেদ বাচ্চু মোল্লা হাসপাতালটি সরজমিনে পরিদর্শন করেছেন। আজ মঙ্গলবার হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে চিকিৎসা সেবার সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।
পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনদের সাথে কথা বলে শারীরিক খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার কথা শোনেন। পরে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে এক জরুরি মতবিনিময় সভায় অংশ নিয়ে চিকিৎসা সেবার মান নিশ্চিত করতে কঠোর নির্দেশনা প্রদান করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে এমপি বাচ্চু মোল্লা বলেন, "কুষ্টিয়াসহ পুরো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আস্থার প্রতীক হতে হবে এই হাসপাতালকে। সাধারণ মানুষ যেন এখানে এসে কোনো ভোগান্তি ছাড়াই সর্বোচ্চ মানের চিকিৎসা পান, তা নিশ্চিত করা হবে। সেবার মানের ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।"
উল্লেখ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে সম্প্রতি তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত করা হয়। গত ১৫ অক্টোবর উপসচিব কাজী মো. উসমান আহমেদ স্বাক্ষরিত এক সরকারি চিঠির মাধ্যমে এ বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
নবনিযুক্ত সভাপতি এমপি বাচ্চু মোল্লার এই সরেজমিন পরিদর্শন ও স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতিতে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ রোগী ও কুষ্টিয়াবাসী। স্থানীয়দের আশা, তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও নিয়মিত তদারকিতে দ্রুতই কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে।