৬৪টি পূজামণ্ডপে ৫৫ বিজিবির বিশেষ নিরাপত্তা জোরদার, কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৮:০৩ পিএম

আজিজুর রহমান (হবিগঞ্জ):

চলমান শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে সীমান্ত সংলগ্ন ৬৪টি পূজা মণ্ডপে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। 

দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় আজ ২০ অক্টোবর ২০২৬ তারিখ দুপুরে হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ তানজিলুর রহমান, বিজিওএম, হবিগঞ্জ জেলা সদরের ৫ নং গোপায়া ইউনিয়নের একটি শারদীয় দুর্গাপূজা মণ্ডপ আকস্মিকভাবে পরিদর্শন করেন।

 এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান তাঁর সাথে উপস্থিত ছিলেন।

পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশ দেখে অধিনায়ক সন্তোষ প্রকাশ করেন এবং মণ্ডপ কমিটির সভাপতির খোঁজখবর নিয়ে বিজিবির পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

জানা গেছে, বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ ১০৩ কিলোমিটার সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

পূজার নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে সীমান্তের ৮ কিলোমিটারের ভেতরে ৬৩টি এবং ইউনিট সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ১টিসহ সর্বমোট ৬৪টি পূজামণ্ডপ রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশেষ নিরাপত্তা ডিউটি আগামী ২২ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। 

বিজিবি সদস্যরা সীমান্ত সুরক্ষার নিয়মিত দায়িত্বের পাশাপাশি এই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তৎপর রয়েছে ৫৫ বিজিবি। 

চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভিন্ন অভিযান পরিচালনা করে ২৫ জন আসামিসহ মোট ৬২ কোটি ৫৪ লাখ ৩ হাজার ১০৭ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য, গাঁজা ও অবৈধ চোরাচালান মালামাল আটক করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।

 বিজিবির এই দ্বিমুখী তৎপরতা সীমান্তবর্তী এলাকায় নিরাপদ পরিবেশ বজায় রাখতে এবং দেশের অর্থনীতি সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com