চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:১৮ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি, মোহাম্মদ হাসান:
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৮টা ১৫ মিনিটে প্রধানমন্ত্রী জেএম সেন হল পূজামণ্ডপে পৌঁছান। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার নেতারা এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা তাঁকে স্বাগত জানান।
এর আগে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে সরাসরি তিনি পূজামণ্ডপের উদ্দেশে রওনা হন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিং প্রু এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
অনুষ্ঠানে চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ইবিকে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ভাবনায় আইসিটি সেল প্রধানের পরিকল্পনা
দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা, মহালছড়িতে দুই মন্দিরে উপজেলা বিএনপির আর্থিক উপহার
ঈশ্বরগঞ্জে মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার