ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান শ্রীপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুল আলমের

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আক্তারুল আলম মাস্টার। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তার বিষয়ে খোঁজখবর নেন।

দুর্গাপূজার মহাষ্টমী ও মহানবমী উপলক্ষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পুরোহিত ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেন আক্তারুল আলম মাস্টার। পাশাপাশি পূজা উদযাপন নির্বিঘ্ন রাখতে সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

এ সময় আক্তারুল আলম মাস্টার বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশের সব ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছেন। শারদীয় দুর্গাপূজা এখন শুধু একটি সম্প্রদায়ের উৎসব নয়, বরং এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, প্রতিটি পূজামণ্ডপে যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে আক্তারুল আলম মাস্টার বলেন, শ্রীপুরকে শান্তি, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ অঞ্চলে কোনো ধরনের বৈষম্য কিংবা সাম্প্রদায়িক উসকানিকে প্রশ্রয় দেওয়া হবে না। সব ধর্মের মানুষের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা একটি সুন্দর সমাজ গঠনের অন্যতম শর্ত।

পূজামণ্ডপ পরিদর্শনকালে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ মণ্ডপে তাঁর আগমন এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com