২৪ অক্টোবর থেকে সাতক্ষীরায় মাসব্যাপী বিনা মূল্যে সাঁতার প্রশিক্ষণ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরায় শিশু-কিশোরদের সাঁতারে দক্ষতা বৃদ্ধি ও পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধে মাসব্যাপী বিনা মূল্যে সাঁতার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে সাতক্ষীরা সরকারি কলেজের পুকুরে এ প্রশিক্ষণ শুরু হবে। এতে অনূর্ধ্ব-১৪ বছর বয়সী আগ্রহী বালক-বালিকারা অংশ নিতে পারবে। 

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের আয়োজনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জাতীয় ক্রীড়া পরিদপ্তরের অনুমোদিত ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 

আয়োজকেরা জানান, তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভার বিকাশ, শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং জীবন রক্ষাকারী দক্ষতা হিসেবে সাঁতারের গুরুত্ব ছড়িয়ে দেওয়াই এ কর্মসূচির উদ্দেশ্য। 

প্রতিবছর পানিতে ডুবে অনেক শিশুর মৃত্যু হয়। সাঁতার না জানা এবং অসতর্কতার কারণে পুকুরসহ বিভিন্ন জলাশয়ে পড়ে এসব দুর্ঘটনা ঘটে। সাঁতার শেখার মাধ্যমে পানিতে বিপদে পড়লে আত্মরক্ষার সক্ষমতা বাড়ানো সম্ভব। পাশাপাশি নিয়মিত সাঁতার চর্চা শরীর সুস্থ রাখা ও শারীরিক সক্ষমতা বাড়াতেও সহায়ক। 

সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করে প্রশিক্ষণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। যোগাযোগের মুঠোফোন নম্বর ০১৭২১-৩৮৯৪২৭। 

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে সাঁতার শেখার আগ্রহ বাড়বে এবং পানিতে ডুবে দুর্ঘটনাজনিত মৃত্যু প্রতিরোধে সচেতনতা তৈরি হবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com