নাটোরের লালপুরে মাজার ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার ভেল্লাবাড়ীয়া হযরত বাগু দেওয়ান (রহ:) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও নিয়ে যায় তারা।
চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেশকাতুল ইসলাম জানান, মাজারে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। এ ছাড়া চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল এবং একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে । লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় মাজার ও মসজিদের অর্থ চুরির পাশাপাশি গুরুত্বপূর্ণ কাগজপত্রের নিরাপত্তা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। তবে চুরির সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত বা গ্রেপ্তারের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।