ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন প্রতিমন্ত্রী আব্দুল বারী

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ পিএম

জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের 

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে জয়পুরহাটের কালাইয়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে নিজ হাতে অংশগ্রহণ করেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি। এসময় তিনি বলেছেন, টেলিভিশন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা থাকবে, প্রচারের প্রয়োজন আছে। তবে প্রচারের সঙ্গে কাজও থাকতে হবে। কাজ করে সেটা প্রচার করতে হবে, মানুষ দেখানোর জন্য কোন কাজ না করে কাজটাকেই প্রধান্য দিতে হবে। মানুষ দেখবে যে আমরা কাজ করছি।

বৃহস্পতিবার বেলা ১১টায় কালাই পৌর শহরের টিএনটি অফিস সংলগ্ন এলাকা থেকে এ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। পরে টিএনটি মোড়সহ বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে প্রতিমন্ত্রী নিজেই অংশ নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গুর প্রজননস্থল হতে পারে এমন স্থান পরিষ্কার রাখার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, পরিচ্ছন্নতা কার্যক্রমের যতটুকু প্রচার হওয়ার কথা, তার ৮০ শতাংশও প্রচার হয়নি। তবে শুধু টেলিভিশন বা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দেখানোর জন্য কাজ করে শেষ করার প্রচার তারা চান না। প্রচার প্রয়োজন, কিন্তু তার সঙ্গে বাস্তব কাজ থাকতে হবে। কাজ হলে মানুষ তা দেখবে এবং বুঝতে পারবে যে তারা কাজ করছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে সরকারের কর্মসূচির অংশ হিসেবে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নিজেও ঢাকা শহরের বিভিন্ন স্থানে গিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিচ্ছেন। পরিবেশ পরিচ্ছন্ন রাখা নাগরিক ও সামাজিক দায়িত্ব। ডেঙ্গু প্রতিরোধ এবং সুস্থ সমাজ গঠনে সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি এ ধরনের অভিযানে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে হবে।

অভিযান চলাকালে বাড়ি, কর্মস্থল, হাসপাতাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক করা হয়। জমে থাকা পানিতে এডিস মশা বংশ বিস্তার করে। তাই নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করা ডেঙ্গু প্রতিরোধের অন্যতম কার্যকর উপায়।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসক আল-মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ, কালাই সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম সরকার, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম টুকু চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দরা।

সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিচ্ছন্নতা অভিযান সফল করতে উপজেলাজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত এ কার্যক্রম তদারকির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com