‘জামায়াত-এনসিপি জুলাইকে বিক্রি করে, আর বিএনপি হৃদয়ে ধারণ করে’—এমপি খোকন তালুকদার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পিএম
নাজমুল হাসান, মাদারীপুর:
“জুলাইয়ের চেতনা জামায়াত ও এনসিপি রাজনৈতিক বাণিজ্যের পণ্য বানিয়েছে, আর বিএনপি তা সবসময় হৃদয়ে ধারণ করেছে।” মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য এবং কেন্দ্রীয় বিএনপির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিছুর রহমান খোকন তালুকদার এই মন্তব্য করেছেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে মাদারীপুরের ডাসার উপজেলার বাঘমারা সার্বজনীন গোবিন্দ মন্দিরে শারদীয় দুর্গাপূজা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জামায়াতে ইসলামীর সমালোচনা করে খোকন তালুকদার বলেন, “জামায়াতের আমীর এক সময় ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে নানা কথা বলেছিলেন, অথচ আজ সেই ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য তাদের জনপ্রতিনিধিরাই মরিয়া হয়ে উঠেছেন—কে কার আগে নেবে তা নিয়ে প্রতিযোগিতা চলছে। যাদের কথা ও কাজের কোনো মিল নেই, সাধারণ মানুষকে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।”
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের বক্তব্যের কড়া সমালোচনা করে এই সংসদ সদস্য বলেন, “বাংলাদেশের ১৮ কোটি মানুষ বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায়। জনগণের ভালোবাসা আর ইচ্ছাতেই বিএনপি আজ শক্তিশালী অবস্থানে রয়েছে এবং জনগণের রায়েই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন। জামায়াত নেতাদের ফাঁকা বুলিতে কিছু যায় আসে না। এ দেশের মাটিতে কে আসবে, কে যাবে কিংবা কে ক্ষমতায় থাকবে—তার একমাত্র মালিক এ দেশের জনগণ, আর বিএনপি সবসময় জনগণের ক্ষমতায়নেই বিশ্বাস করে।”
এ সময় পূজামণ্ডপ পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদার, ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার, কালকিনি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাম খান এবং ডাসার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান আজাদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।