চুনারুঘাটে অনুমতি ও ইজারা ব্যতীত অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়েছে

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম

হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মহিমাউড়া নামক স্থানে গতকাল মঙ্গলবার ( ২০ অক্টোবর) রাত ৭.টা ৪৫ মিনিটে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে।  

অভিযানকালে কর্তৃপক্ষের অনুমতি ও ইজারা ব্যতীত অবৈধভাবে সিলিকা বালু পরিবহনের অপরাধে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, রাতে মহিমাউড়া এলাকায় সিলিকা বালু ভর্তি একটি ট্রাক্টরসহ মোঃ সুজন (পিতা: উমরাজ) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বীকার করেন যে, তিনি পানছড়ি এলাকা থেকে কোনো রকম সরকারি অনুমতি বা ইজারা ছাড়াই এই সিলিকা বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিলেন।

 একই সাথে তিনি নিজের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে আর এ ধরনের কাজ করবেন না বলে অঙ্গীকার করেন।

পরবর্তীতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী অপরাধীকে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। 

জরিমানা আদায়ের পর উক্ত ব্যক্তিকে কঠোরভাবে সতর্ক করে অবমুক্ত করা হয়।

উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্ট অভিযানে চুনারুঘাট থানা পুলিশ, আনসার সদস্য এবং স্থানীয় এলাকাবাসী সার্বিক সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় চুনারুঘাট উপজেলার সকল স্থানে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com