শেরপুর সীমান্তে বিজিবির অভিযান, আটক ৮৪ বোতল ভারতীয় মদ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পিএম
তৌহিদুর রহমান, (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২০ অক্টোবর) উপজেলার গারোকোনা লেবু বাগান এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ জব্দ করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১ লাখ ২৬ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, মাদক নির্মূলে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্ত সুরক্ষা ও যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে বিজিবি দিনরাত দায়িত্ব পালন করছে।