ইবিতে নির্মাণাধীন ১০ তলা ভবন থেকে পড়ে নির্মাণশ্রমিক আহত
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম
ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নির্মাণাধীন ১০ তলা ছাত্র হলের বাঁশের মাচা ভেঙে নিচে পড়ে এক শ্রমিক আহত হয়েছেন। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণাধীন দ্বিতীয় ছাত্র হলে এ ঘটনা ঘটে। পরে আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
জানা যায়, বাঁশের মাচায় ঝুলে ভবনটির দেয়ালে প্লাস্টারের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এসময় মাচার সংযোগস্থল খুলে বাঁশ ভেঙে দুই শ্রমিক ভবনের চারতলা থেকে নিচে পড়ে যায়। অন্যরা বাঁশের সঙ্গেই ঝুলে ছিলেন। এতে রসুল নামে একজন শ্রমিক আহত হয় এবং অন্যরা সুস্থ অবস্থায় রয়েছেন। আহত শ্রমিক বর্তমানে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের কাজ করার সময় কোনো শ্রমিকেরই নিরাপত্তা বেল্ট ও হেলমেট ছিলো না। শ্রমিকদের কাজ করার জন্য কোনো নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হয়নি- এমন অভিযোগে কনস্ট্রাকশন কর্তৃপক্ষ জানান, নিরাপত্তা সরঞ্জাম দেওয়া হলেও নিজেদের সুবিধার্থে শ্রমিকরা তা ব্যবহার করছেনা ।
প্রজেক্ট ইঞ্জিনিয়ার মুন্না আহমেদ বলেন, শ্রমিকদের অসাবধানতার কারণে এমনটি ঘটেছে। আহত শ্রমিকের আঘাত তেমন গুরুতর নয়। আহত শ্রমিককে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়ে শ্রমিকরা কখনো কোনো অভিযোগ করেনি। তবে নিরাপত্তার বিষয়ে তাদের সবসময় সতর্ক করা হয়। কিন্তু নিরাপত্তার জন্য সরঞ্জাম দেওয়া হলেও শ্রমিকরা ব্যবহার করেন না।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আব্দুল মালেক মিয়া বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদের একাধিকবার সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তারা এসব মানছেন না। এই বিষয়ে পরবর্তীতে আমরা আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব।