দলীয় মনোনয়ন নয়, জনগণের গ্রহণযোগ্যতাই নির্বাচনে জয়ের মাপকাঠি: চট্টগ্রামে তারেক রহমান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১১:১২ এএম

দলীয় মনোনয়ন নয়, জনগণের গ্রহণযোগ্যতাই নির্বাচনে জয়ের মাপকাঠি: চট্টগ্রামে তারেক রহমান

 

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচনে জয় নিশ্চিত নয়; জনগণের কাছে গ্রহণযোগ্যতা ও জনসম্পৃক্ততাই প্রার্থী নির্বাচনের প্রধান বিবেচ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ঐক্যবদ্ধভাবে জনসমর্থন রয়েছে—এমন প্রার্থী বেছে নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে নির্বাচনে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলেও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে চট্টগ্রামের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে বিএনপির চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী অংশ নেন।

সভায় উপস্থিত একাধিক বিএনপি নেতা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। দলীয় সাংগঠনিক সভা হওয়ায় সেখানে গণমাধ্যমকর্মীদের প্রবেশের সুযোগ ছিল না।

দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমান কমিটির জ্যেষ্ঠ সদস্য এস এম মামুন মিয়া জানান, সভায় প্রধানমন্ত্রী দলের সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় সরকার নির্বাচন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন।

 

স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার বার্তা

 

সভায় তারেক রহমান বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে ধরনের কারচুপির অভিযোগ উঠেছিল, ভবিষ্যতে সে ধরনের নির্বাচন হবে না। সরকার নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না। তাই নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এমন প্রার্থী বেছে নিতে হবে, যিনি জনগণের আস্থা অর্জন করতে সক্ষম এবং ভোটের মাধ্যমে জয়ী হওয়ার যোগ্যতা রাখেন।

নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী বাছাই এবং দলীয় ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছেন।

 

মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে দলীয় ভূমিকার আহ্বান

 

মাদক নির্মূলে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকের বিস্তার অনেকাংশে কমানো সম্ভব। নেতাকর্মীরা সক্রিয় হলে মাদকের সমস্যা অর্ধেক কমানো যেতে পারে; বাকি অংশ নির্মূলে প্রশাসনকে কাজ করতে হবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি। সমাজের গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে অপরাধ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। তবে দলের কোনো নেতাকর্মী অপরাধে জড়ালে তাঁকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন তিনি।

 

গুজব ও ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার নির্দেশ

 

সভায় দেশবিরোধী ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচার মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারেক রহমান। সভায় উপস্থিত এক নেতার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী অতীতে বিভিন্ন স্বার্থে এক হওয়া রাজনৈতিক পক্ষগুলোর পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনার কথা উল্লেখ করেন। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন জানান, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম মানুষের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাজনৈতিক গুজব ও অপপ্রচারের জবাব দিতে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

 

দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে চট্টগ্রাম ত্যাগ

 

এর আগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহী থেকে চট্টগ্রামে আসেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে নগরের ঐতিহাসিক জেএম সেন হলের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেএম সেন হল ও র‍্যাডিসন ব্লু হোটেলের সামনে নেতাকর্মী ও উৎসুক মানুষের ভিড় জমে। রাতে সাংগঠনিক সভা শেষে তিনি চট্টগ্রাম ত্যাগ করেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গত ৯ আগস্ট প্রথমবার চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। ওই সফরে তিনি বাঁশখালী, ফটিকছড়ি, হাটহাজারী ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সে সময়ও র‍্যাডিসন ব্লু হোটেলে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com