শার্শায় পুলিশের অভিযানে ১৮ পিস স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আটক-১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পিএম
মহিউদ্দীন বাপ্পী, শার্শা প্রতিনিধি:
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা করেছে পুলিশ।
এ সময় অপার দু'আসামী পালিয়ে যায়।
বুধবার দুপুর ১ টা ৩০ মিনিটে এক প্রেস কনফারেন্সে বিষয়টি নিশ্চিত করেছেন নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস’ নামক ইটভাটার সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক আলাউদ্দীন উপজেলার হাড়িখালী (যদুনাথপুর) এলাকার বাসিন্দা। তার পিতার নাম গোলাম রসুল ও মাতার নাম জায়ের খাতুন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের নাভারণ সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেনের নেতৃত্বে শার্শা থানা পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে আলাউদ্দীনকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ১৮ পিস(১৮০ ভরি,২কেজি ৯০ গ্রাম) ওজনের স্বর্ণের বার ও একটি সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আটক স্বর্ণের সিজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
পুলিশ আরো জানায়, উদ্ধার করা স্বর্ণের বার ও মোটরসাইকেল জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত চোরাচালানবিরোধী মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়াও চলছে।