বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার ট্রেনিং সেন্টার (SPATC) শুভ উদ্বোধন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০৪:২৩ পিএম
আবুল বাশার বোরহানউদ্দিন প্রতিনিধি :
বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার ট্রেনিং সেন্টার (SPATC) শুভ উদ্বোধন করলেন সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
ভোলার বোরহানউদ্দিনে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং কম্পিউটার শিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে স্কিল প্লাস একাডেমি কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর ২০২৬) উপজেলা সড়কের কুড়ালিয়া হাউজের সামনে অবস্থিত এ প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কিল প্লাস একাডেমির চেয়ারম্যান মাফরুজা সুলতানা ম্যাডাম।
এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রিফাত হোসেন , বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাব আলী, উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আজম এবং বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। এ ছাড়া স্কিল প্লাস একাডেমির শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তির জ্ঞান ও কম্পিউটার ব্যবহারে দক্ষতা শিক্ষা, চাকরি, ব্যবসা-বাণিজ্য এবং কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তি নির্ভরশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে শিক্ষার্থী ও তরুণদের কম্পিউটার শিক্ষায় দক্ষ করে তোলা সময়ের অন্যতম দাবি। এ বাস্তবতায় বোরহানউদ্দিনে স্কিল প্লাস একাডেমির কম্পিউটার ট্রেনিং সেন্টার চালু হওয়ায় স্থানীয় শিক্ষার্থী ও আগ্রহী তরুণ-তরুণীদের জন্য প্রযুক্তিগত দক্ষতা অর্জনের নতুন সুযোগ তৈরি হলো।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণকেন্দ্রের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কম্পিউটার শিক্ষার প্রসার ঘটবে এবং তরুণ প্রজন্ম আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তারা নিজেদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়। স্থানীয় পর্যায়ে প্রযুক্তিশিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার ক্ষেত্রে স্কিল প্লাস একাডেমি ইতিবাচক ভূমিকা রাখবে।