সাদা ফুলে সেজেছে ছাতিম, সুবাসে মুগ্ধ হাবিপ্রবি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম

নুরুজ্জামান, হাবিপ্রবি প্রতিনিধি:

শরতের শেষ বিকেলে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক ভবনের সামনে গেলেই চোখে পড়ে সাদা ফুলে সেজে ওঠা একটি ছাতিমগাছ। ঘন সবুজ পাতার ফাঁকে থোকায় থোকায় ফুটেছে সাদাটে ফুল। দিনের আলোয় ফুলের সৌন্দর্য পথচারীদের দৃষ্টি কাড়ে, আর সন্ধ্যা নামতেই চারপাশে ছড়িয়ে পড়ে এর মিষ্টি সুবাস।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করে বাঁ পাশের সড়ক ধরে এগোলেই লাল ইটের প্রশাসনিক ভবনের সামনে দেখা মেলে গাছটির। বিস্তৃত ডালপালাজুড়ে ফুটে থাকা ফুল আর বাতাসে ভেসে আসা মিষ্টি ঘ্রাণে স্থানটি হয়ে উঠেছে মনোরম।

শরতের শেষভাগে ঋতুবদলের এই সময়ে ছাতিমের সুবাস ক্যাম্পাসের পরিবেশে যোগ করেছে ভিন্ন মাত্রা। সন্ধ্যা ঘনিয়ে এলে গাছের আশপাশে ছড়িয়ে পড়ে ফুলের ঘ্রাণ। ক্লাস, পরীক্ষা ও দৈনন্দিন ব্যস্ততার ফাঁকে পথচলতি অনেকেই কিছুক্ষণের জন্য থেমে উপভোগ করেন প্রকৃতির এই সৌন্দর্য।

হাবিপ্রবির কৃষি অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আকিল হোসেন বলেন, “ছাতিমগাছ প্রকৃতির এক অপূর্ব দান। গাছটি সারা বছর সবুজ থাকে। ফুল ফোটার সময় এর সুবাস চারদিকে ছড়িয়ে পড়ে। তবে কারও কারও ক্ষেত্রে এই ফুলের গন্ধে মাথা ঘোরার মতো অনুভূতিও হতে পারে। আমাদের ক্যাম্পাসে এমন একটি ছাতিমগাছ বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে।”

ক্যাম্পাসে ঘুরতে আসা কয়েকজন দর্শনার্থীও ছাতিমফুলের সৌন্দর্য ও সুবাসের প্রশংসা করেন। তাঁদের মতে, বিশেষ করে সন্ধ্যায় ফুলের ঘ্রাণ চারপাশের পরিবেশকে আরও মনোরম করে তোলে। দূর থেকেও এর সুবাস অনুভব করা যায়।

ছাতিমের ফুল ফোটা যেন প্রকৃতিতে ঋতুবদলেরও এক পরিচিত দৃশ্য। শরতের শেষভাগে ছড়িয়ে পড়া এর সুবাস হেমন্তের আগমনের অনুভূতি জাগায়। গাছের নিচে ঝরে পড়া ফুল ও শুকনো পাতায় ফুটে ওঠে প্রকৃতির পরিবর্তনের চিত্র।

একসময় ঝরে যাবে ছাতিমের ফুল, কমে আসবে সুবাসের তীব্রতাও। তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনের এই ছাতিমগাছ প্রকৃতিপ্রেমীদের কাছে শরতের শেষভাগের এক স্নিগ্ধ স্মৃতি হয়ে থাকবে। ব্যস্ত ক্যাম্পাসের মাঝেও গাছটি যেন মনে করিয়ে দেয়, প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে কখনো কখনো একটু থেমে দাঁড়ানোই যথেষ্ট।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com