গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে হামলা-ভাঙচুর, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পিএম

‎মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

‎রংপুরের গঙ্গাচড়ায় বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও দলীয় নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে উপজেলা বিএনপি। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।

‎বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার মর্ণেয়া ইউনিয়নের খলিফার বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মীর কাসেম মিঠুসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা এবং কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।‎

‎উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকারের সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আইয়ুব আলী। এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি চাঁন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ ও মিজানুর রহমান লুলু, সাবেক সাংগঠনিক সম্পাদক নাজিমুদ্দিন প্রামানিক লিজু এবং মর্ণেয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মাবুদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

‎সমাবেশে আইয়ুব আলী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিরা যে-ই হোক, তাঁদের ছাড় দেওয়া হবে না। দলের কেউ এ ঘটনায় জড়িত থাকলেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

‎উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার বলেন, ঘটনার পেছনে কারা ইন্ধন দিয়েছে এবং কারা ষড়যন্ত্রে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। মর্ণেয়া ইউনিয়নকে মাদকমুক্ত করারও ঘোষণা দেন তিনি।

‎চাঁদ সরকার হুঁশিয়ারি দিয়ে বলেন, ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে গঙ্গাচড়ায় কঠোর কর্মসূচি দেওয়া হবে।

‎সমাবেশে বক্তারা হামলা ও ভাঙচুরের ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় আনার দাবি জানান। এখন দেখার বিষয়, বিএনপির বেঁধে দেওয়া সময়ের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কী পদক্ষেপ নেয় এবং পরিস্থিতি কোন দিকে গড়ায়।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com