এবার মানিকগঞ্জের চার অ্যাথলেট ও চার ব্যাডমিন্টন খেলোয়াড় খেলবে জাতীয় পর্যায়ে, পদকের স্বপ্ন
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৪ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় পদকের স্বপ্ন নিয়ে অংশ নিচ্ছেন মানিকগঞ্জের চার অ্যাথলেট ও চার ব্যাডমিন্টন খেলোয়াড় ।
অ্যাথলেটিকসের পুরুষ বিভাগে ২০০ ও ৮০০ মিটার দৌড়ে অংশ নেবেন নারায়ণ রাজবংশী, মো. আরজু লড়বেন ১ হাজার ৫০০ ও ১০ হাজার মিটার দৌড়ে, শ্রীকৃষ্ণ অংশ নেবেন ৮০০, ১ হাজার ৫০০ ও ৫ হাজার মিটার দৌড়ে, নারী বিভাগে ৮০০ ও ১ হাজার ৫০০ মিটার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মারিয়া আক্তার ।
অন্যদিকে, ব্যাডমিন্টনের একক ও দ্বৈত বিভাগে অংশ নেবেন কাইয়ুম শিকদার, নকিবুর রহমান বিশ্বাস, আনিসা ইবনে সিরাজ প্রিয়তা ও নুসরাত জাহান অর্পা ।
আজ মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে নির্বাচিত খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারের হাতে জেলার জার্সি তুলে দেন সংস্থার অ্যাডহক কমিটির সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ ।
এ সময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাবেক জাতীয় ফুটবল খেলোয়াড় ও কোচ মোশাররফ হোসেন বাদল, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ এবং জেলা অ্যাথলেট টিমের কোচ মীর প্লাবনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ।