এ বছর দুর্গাপূজায় ঘিওরে ১৮ হাত উচ্চতার দুর্গাপ্রতিমা, মানিকগঞ্জ জেলার মধ্যে অন্যতম বৃহৎ দাবি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৪০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
এ বছর শারদীয় দুর্গোৎসবে মানিকগঞ্জের ঘিওরে দর্শনার্থীদের নজর কেড়েছে ১৮ হাত উচ্চতার দুর্গাপ্রতিমা। উপজেলার সদর প্রাণকেন্দ্র মাস্টারপাড়ার ডি.সি. ক্লাবের উদ্যোগে তৈরি প্রতিমাটি দেখতে ভিড় করছেন ভক্ত ও দর্শনার্থীরা । ক্লাব কর্তৃপক্ষের দাবি, এটি মানিকগঞ্জ জেলার অন্যতম বৃহৎ উচ্চতার দুর্গাপ্রতিমা ।
এ বছর মানিকগঞ্জের সাত উপজেলায় ৫৭৪ টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে । এর মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলায় ১২৫ টি, ঘিওর উপজেলায় ৮৪ টি, শিবালয় উপজেলায় ৯৪ টি, দৌলতপুর উপজেলায় ৪৩ টি, সাটুরিয়া উপজেলায় ৮১ টি, হরিরামপুর উপজেলায় ৬৪ টি এবং সিংগাইর উপজেলায় ৮৩টি মণ্ডপ । গত বছর জেলায় ৫৫৩ টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়েছিল । সে হিসাবে এবার মণ্ডপের সংখ্যা বেড়েছে ২১ টি ।
ঘিওর উপজেলায় ৮৪টি মণ্ডপের মধ্যে সদর ইউনিয়নে ১৮টি এবং বানিয়াজুরী ইউনিয়নে ২৩টি মণ্ডপে দুর্গোৎসবের আয়োজন ছিল সবচাইতে ব্যয়বহুল ও জাঁকজমকপূর্ণ । এর মধ্যে ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন বানিয়াজুরীর মালাকার বাড়ির দুর্গোৎসব ছিল জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল আয়োজনের মধ্যে অন্যতম ।
এদিকে প্রতি বছরের মতো এবারও বিজয়া দশমী উপলক্ষে ঘিওর সরকারি কলেজ মাঠে বসেছিল শত শত বছরের ঐতিহ্যবাহী দুর্গোৎসবের মেলা । দুপুরের পর থেকে বিভিন্ন মণ্ডপের প্রতিমা নিয়ে ভক্তরা মাঠে জড়ো হতে থাকেন । এবার সেখানে ১৮টি মণ্ডপের প্রতিমা প্রদর্শন করা হয় ।
এসব প্রতিমার মধ্যে বিশেষ আকর্ষণ হয়ে ওঠে উপজেলা সদর প্রাণকেন্দ্রের ঘিওর মাস্টারপাড়ার ডি.সি. ক্লাবের ১৮ হাত উচ্চতার দুর্গাপ্রতিমা । প্রতিমাটির বিশাল আকৃতি ও নির্মাণশৈলী দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে ।
ডি.সি. ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী জয়দেব কুমার শীল বলেন, মানিকগঞ্জ জেলার মধ্যে অন্যতম বৃহৎ উচ্চতার দুর্গাপ্রতিমা তৈরি করেছেন তারা । এটি নির্মাণে প্রায় দেড় লাখ টাকা ব্যয় হয়েছে ।
তিনি জানান, সাটুরিয়ার কারিগর তাপস পাল ও তার সহযোগীরা টানা ১৭ দিনে প্রতিমাটি তৈরি করেছেন । ক্লাবটির নাম ডি.সি ক্লাব (অর্ধচন্দ্র দিবস ক্লাব) । D.C= Day of Cresent. ক্লাব নামে পরিচিত ।
ক্লাব কর্তৃপক্ষের দাবি, এ বছর মানিকগঞ্জ জেলার দুর্গাপূজার প্রতিমাগুলোর মধ্যে তাদের তৈরি ১৮ হাত উচ্চতার প্রতিমাটি অন্যতম বৃহৎ ।