চট্টগ্রামে ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১-এর অভিযানে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ মো. রুহুল আমিন (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
বুধবার (২১ অক্টোবর) রাত ১টা ৫০ মিনিটের দিকে নগরের ডবলমুরিং থানাধীন মনসুরাবাদ এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত ১২টা ২০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির দক্ষিণ বিভাগের স্পেশাল টিম-০১ জানতে পারে, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদকদ্রব্য নিয়ে কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে ৪৩৮ ডিটি রোডে দরবার ইঞ্জিনিয়ারিংয়ের সামনে চেকপোস্ট স্থাপন করা হয়।
রাত ১টা ৫০ মিনিটের দিকে সন্দেহভাজন ট্রাকটি সেখানে পৌঁছালে পুলিশের আভিযানিক দল সেটি আটক করে। পরে ট্রাকের চালক মো. রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি গোপন চেম্বারে ইয়াবা থাকার তথ্য দেন। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নিবন্ধন নম্বরের ট্রাকটি জব্দ করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. রুহুল আমিন পাবনা জেলার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার খন্দকার বাড়ির বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।