সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসের ধাক্কা, মা-মেয়ে নিহত; আহত ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৪৬ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দিয়েছে একটি নোহা মাইক্রোবাস। এতে রোজী আক্তার (৬০) ও তাঁর মেয়ে নাজমা খাতুন (৪২) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের চারজন আহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) সকালে উপজেলার বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোজী আক্তার ও নাজমা খাতুনের বাড়ি জয়পুরহাট সদর উপজেলায়। তাঁরা ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাস করতেন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন নাজমার স্বামী আসলাম হোসেন ও তাঁদের দুই ছেলে। আহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমিনুজ্জামান জানান, আসলাম হোসেন স্ত্রী, শাশুড়ি ও দুই ছেলেসহ মোট ছয়জনকে নিয়ে ঢাকার মোহাম্মদপুর থেকে বান্দরবানের লামা উপজেলায় এক নিকটাত্মীয়ের কবর জিয়ারত করতে যাচ্ছিলেন। পথে বাড়বকুণ্ড বিদ্যুৎ বিতরণ কার্যালয় এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও বিলবোর্ডের খুঁটিতে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রোজী আক্তার ও নাজমা খাতুনের মৃত্যু হয়।
পুলিশ কর্মকর্তা আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। তবে চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।