চট্টগ্রামে বিষপানে এনসিপি নেতার মৃত্যু
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:১৭ এএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রামে বিষপানে অসুস্থ হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা তানভীরুল ইসলাম (২৬) মারা গেছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৫টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদন প্রয়োজন বলে জানিয়েছে পুলিশ।
তানভীরুল ইসলাম এনসিপির চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির সদস্য এবং বায়েজিদ থানা কমিটির যুগ্ম সদস্য সচিব ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার হিলপাড়া গ্রামে। তাঁর বাবা মো. আবু ইউসুফ ও মা তাসলিমা বেগম। তিনি চট্টগ্রামের বায়েজিদ থানার টেক্সটাইল এলাকার জামাল উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার টেক্সটাইল এলাকার ভাড়া বাসায় বিষপানের পর তানভীরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাঁকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বুধবার রাতে বিষয়টি জানাজানি হয়।
এনসিপির চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মইনুদ্দিন জানান, জুলাই গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়েছিলেন তানভীরুল। তাঁর কোমরের এক পাশ দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। তিনি তালিকাভুক্ত আহত জুলাইযোদ্ধা ছিলেন। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে শারীরিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি। ক্ষতস্থানে সংক্রমণ হওয়ায় তাঁকে নিয়মিত হাসপাতালে যেতে হতো।
আরিফ মইনুদ্দিন আরও বলেন, তীব্র ব্যথার কারণে তানভীরুল প্রায়ই খুঁড়িয়ে হাঁটতেন এবং অসহ্য যন্ত্রণায় কান্নাকাটি করতেন। দীর্ঘদিনের শারীরিক কষ্ট তাঁর জন্য অসহনীয় হয়ে উঠেছিল বলে তিনি মনে করেন।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক জানান, ময়নাতদন্ত শেষে তানভীরুলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।