রংপুর ও ঠাকুরগাঁওয়ে এসআরবির অভিযান: ইয়াবা-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৯ এএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

রংপুর ও ঠাকুরগাঁও প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুই বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে রংপুরের বদরগঞ্জে এবং শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এসব অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল রংপুরের বদরগঞ্জ থানার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায়। মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিকের বাড়ির পশ্চিম পাশে সড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ও ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ সময় মোটরসাইকেলচালক মো. খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলশান নগর গ্রামের বাসিন্দা। অভিযানে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

অন্যদিকে, শুক্রবার রাত ১টা ১০ মিনিটে এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার দুর্গাপুর গ্রামে মো. বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়। অভিযানে বেল্লাল হোসেন (২৮) ও তাঁর স্ত্রী মোছা. নাজমিন নেহার নিশি (২৬)-কে গ্রেপ্তার করা হয়।

এসআরবি জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com