সিংজুরীর দেওভোগে হা-ডু-ডু ফাইনালে কামারজাগী ভোরের আলো যুব সংঘ চ্যাম্পিয়ন

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৪১ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

মানিকগঞ্জের ঘিওর উপজেলার দেওভোগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলার ফাইনালে বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবকে ২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে কামারজাগী ভোরের আলো যুব সংঘ ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর উদ্যোগে এ খেলার আয়োজন করা হয় । এতে প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির ।

ফাইনালে উপজেলার সিংজুরী ইউনিয়নের কামারজাগী ভোরের আলো যুব সংঘ এবং পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয় । প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলের আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে ।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে খেলা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক শাহানুর রহমানের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওগত আলী খান প্রমুখ । এ সময় আরো উপস্থিত ছিলেন সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

খেলা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় । দুপুর থেকেই বিভিন্ন বয়সী দর্শক মাঠে জড়ো হতে থাকেন । একপর্যায়ে মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে । খেলোয়াড়দের কৌশল ও নৈপুণ্য উপভোগ করেন হাজারো দর্শক ।

প্রধান অতিথি বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ । মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণদের মাঠমুখী করতেও হা-ডু-ডুর মতো দেশীয় খেলা ভূমিকা রাখতে পারে ।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com