চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়াল, মৃত্যু ৩১

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রামে চলতি বছরের প্রথম ১০ মাসেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। ২২ অক্টোবর পর্যন্ত জেলায় এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৪১ জন। এ সময়ে মারা গেছেন ৩১ জন। গত দুই বছরের তুলনায় চলতি বছর আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছে। বছরের শেষ প্রান্তেও সংক্রমণ অব্যাহত রয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩২৩ জন। তাঁদের মধ্যে মারা যান ৪৫ জন। ২০২৫ সালে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৮৬৪ জনে। ওই বছর মৃত্যু হয় ২৭ জনের। আর চলতি বছরের ২২ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪১ জনে, মৃত্যু হয়েছে ৩১ জনের।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রতিদিন গড়ে ৮০ থেকে ৯০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ৩৭ জন, ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চারজন, চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঁচজন এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৩৩ জন রয়েছেন।

চলতি বছরে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৬ হাজার ১৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৮৫ জন।

জেলা সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান জানান, চলতি বছর চট্টগ্রাম মহানগর এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২৬ জন। উপজেলা পর্যায়ে আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৩৬। এ ছাড়া অন্যান্য জেলার ৬৭৯ জন বাসিন্দা চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৩১ জনের মধ্যে ছয়জন পুরুষ, ১৬ জন নারী ও নয়জন শিশু।

উপজেলাগুলোর মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি সীতাকুণ্ডে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, উপজেলাটিতে এ পর্যন্ত ৭৯৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com