মাগুরায় যুবদল নেতার মৃত্যুর কারণ শনাক্তে ব্যর্থতার অভিযোগ, চিকিৎসককে সাময়িক অব্যাহতি

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:০৪ পিএম

আব্দুর রশিদ মোল্লা, মাগুরা প্রতিনিধি

মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. শাকের হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে না পারার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগ উঠেছে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে হাসপাতালের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি বিষয়টি তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক।

বুধবার (২১ অক্টোবর) ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে গুলিবিদ্ধ হন শাকের হোসেন (৩৯)। পরে তাকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসান প্রাথমিকভাবে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান।

চিকিৎসকের বক্তব্যের পর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান। সেখানে গোসলের প্রস্তুতিকালে স্বজনেরা শাকের মাথার পেছনে একটি ছিদ্র দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে মরদেহ আবার হাসপাতালে নেওয়া হয় এবং ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

ময়নাতদন্তের পর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ দাস বিশ্বাস জানান, নিহতের মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট উদ্ধার করা হয়েছে। এরপর শাকের মৃত্যুর ঘটনায় গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি সামনে আসে।

এ ঘটনায় মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে না পারা এবং চিকিৎসকের দায়িত্ব পালন নিয়ে প্রশ্ন ওঠে। নিহতের স্বজনেরা এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার মাইনুল হাসানকে হাসপাতালের কার্যক্রম থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকির জানান, শাকের হোসেনের মৃত্যুর প্রকৃত কারণ সঠিকভাবে শনাক্ত করতে না পারার ঘটনায় জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল হাসানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে।

এদিকে, শাকের হোসেন হত্যা মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রনি শিকদার (৩৮) ও শামীমা তাবাসসুম লুবনা (৩১) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com