চট্টগ্রামে ডিডিএনের কার্যালয়ে হামলা-ভাঙচুরের মামলায় ‘চিকনা রাজু’ গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন চন্দনপুরায় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেটের (ডিডিএন) কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় মো. রাজ্জাক ওরফে ‘চিকনা রাজু’কে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তাঁকে শনাক্ত করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, হামলার সময় দেশীয় অস্ত্র হাতে সবার আগে ডিডিএনের কার্যালয়ে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন রাজু।
গ্রেপ্তার রাজ্জাক (২৬) ভোলা জেলার চরফ্যাশন থানার আসলামপুর ফরাজীবাড়ির আলমগীর ফরাজীর ছেলে। তিনি চান্দগাঁও থানার টেকবাজার এলাকার পুলসংলগ্ন রিয়াদ কলোনিতে বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনকে হোয়াটসঅ্যাপে ফোন করে এককালীন দুই কোটি টাকা এবং প্রতি মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়।
নগরের চন্দনপুরা এলাকার মরিয়ম হাইটস ভবনের তৃতীয় তলায় অবস্থিত কার্যালয়টিতে হামলাকারীরা আসবাবপত্র, কাচের দরজা ও বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ঘটনার দিনই চকবাজার থানায় মামলা করা হয়।
চকবাজার থানার উপপরিদর্শক (এসআই) মো. মনোয়ার হোসেন জানান, মামলাটির তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রাজ্জাক ওরফে চিকনা রাজুকে শনাক্ত করা হয়। পরে বৃহস্পতিবার রাতে টেকবাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআই মনোয়ার হোসেন আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দেশীয় অস্ত্র হাতে নিয়ে সবার আগে কার্যালয়ে প্রবেশ করেন রাজু। এরপর তিনি কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করেন। পরে তাঁর সঙ্গে থাকা অন্যদের নিয়ে কার্যালয়ের বিভিন্ন সরঞ্জামও ভাঙচুর করা হয়।