তেঁতুলিয়ার সীমান্তে বিজিবির অভিযানে ১৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম
সঞ্জু বণিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ২৩ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাতে সীমান্তের ঝাড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এসব মদ উদ্ধার করা হয়।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে বাংলাবান্ধা ইউনিয়নের ঝাড়ুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ১১ বোতল মদ উদ্ধার করা হয়।
জব্দ করা মদের আনুমানিক সিজার মূল্য ১৬ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় জব্দ করা মদের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ চোরাচালান প্রতিরোধে তারা কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।