রংপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, ১৫ মাস পর স্বামী গ্রেফতার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পিএম
রফিকুল ইসলাম সাবুল :রংপুর প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় স্ত্রী শান্তনা রানীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে রতন চন্দ্র সরকার (৩৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে রংপুরের পাগলাপীর বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রতন চন্দ্র সরকার গঙ্গাচড়া থানার উত্তর খলেয়া হাজীপাড়া এলাকার মিথুন চন্দ্র সরকারের ছেলে।
এসআরবি-১৩-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার এজাহার ও পুলিশের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, যৌতুকের দাবিতে রতন তার স্ত্রী শান্তনা রানীকে বিভিন্ন সময় শারীরিক নির্যাতন করতেন। যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানানোয় ২০২৫ সালের ২১ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ মিনিটের মধ্যে যেকোনো সময় নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২০২৫ সালের ২১ জুলাই গঙ্গাচড়া মডেল থানা পুলিশ শান্তনা রানীর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে যায়। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরদিন ২২ জুলাই থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়।
পরবর্তী সময়ে ২০২৬ সালের ৩ জুলাই রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক মতামত দেন, ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ভুক্তভোগীর বাবা মামলা করতে রাজি না হওয়ায় গঙ্গাচড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) ইসহাক আলী গত ১৫ অক্টোবর বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।
হত্যা মামলা দায়েরের পর আসামিকে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর সিপিএসসির একটি আভিযানিক দল পাগলাপীর বাজারে অভিযান চালিয়ে রতন চন্দ্র সরকারকে গ্রেফতার করে।
গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান অধিনায়কের পক্ষে এ তথ্য নিশ্চিত করেন।