বোদায় রাস্তার কাজ তদারকির সময় দেড় লাখ টাকাসহ হেফাজতে প্রকৌশলী
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০১:০৫ পিএম
সঞ্জু বণিক সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ২৩ অক্টোবর ২০২৬
পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নির্মাণকাজ তদারকির সময় এক উপসহকারী প্রকৌশলীর কাছ থেকে দেড় লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নূরই আকরাম নামের ওই প্রকৌশলীকে হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার সাকোয়া ইউনিয়নের গিদালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নূরই আকরাম বোদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাকোয়া-নয়াদীঘি ভায়া বোয়ালমারী পাকা সড়কের নির্মাণকাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, কাজের তদারকির দায়িত্বে থাকা প্রকৌশলী নূরই আকরাম তাঁদের অভিযোগে গুরুত্ব দিচ্ছিলেন না।
বৃহস্পতিবার নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তুলে স্থানীয়রা বরাদ্দ ও কাজসংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে প্রকৌশলী সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁর পিছু নিয়ে পথরোধ করেন এবং ব্যাগ তল্লাশি করতে চান। এতে তিনি রাজি না হওয়ায় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।
পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে তাঁর ব্যাগ থেকে এক লাখ টাকা এবং পকেট থেকে আরও ৫০ হাজার টাকা উদ্ধার করে। এরপর তাঁকে হেফাজতে নেয় পুলিশ।
স্থানীয়দের দাবি, সঙ্গে এত টাকা রাখার কারণ জানতে চাইলে প্রকৌশলী অসংলগ্ন কথা বলেন। তবে নূরই আকরাম দাবি করেছেন, উদ্ধার হওয়া টাকা তাঁর ব্যক্তিগত এবং ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য সঙ্গে রেখেছিলেন। তিনি নিজেকে নির্দোষ বলেও দাবি করেন।
এ বিষয়ে বোদা উপজেলা প্রকৌশলী ফিরোজুর রহমান বলেন, দায়িত্ব পালনকালে একজন প্রকৌশলীর সঙ্গে এত নগদ টাকা থাকা স্বাভাবিক নয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন
বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডের ওপর যাত্রীদের হামলার অভিযোগ
মানিকগঞ্জে ব্যতিক্রমী শহীদ মিনার উদ্বোধন, নবনির্মিত মিনার মঞ্চেই প্রথম আলোচনা সভা
আগামী ২৮ অক্টোবর যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান এফ,এ সোহেল চৌধুরী