মানিকগঞ্জে ব্যতিক্রমী শহীদ মিনার উদ্বোধন, নবনির্মিত মিনার মঞ্চেই প্রথম আলোচনা সভা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪০ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
শহীদ মিনার উদ্বোধনের পর সেই নবনির্মিত মিনারের মঞ্চেই আলোচনা সভা—ব্যতিক্রমী এ আয়োজন করা হয়েছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ে । শনিবার (২৪ অক্টোবর) বিকেলে মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার পরিবারের আর্থিক সহযোগিতায় নির্মিত ‘মো. নাসির উদ্দিন ভূঁইয়া মঞ্চ ও শহীদ মিনার’ উদ্বোধন করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান । উদ্বোধনের পর সেখানেই অনুষ্ঠিত হয় প্রথম আলোচনা সভা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বর্তমান দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ।
উল্লেখ্য, দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা নয়াপাড়া গ্রামের সন্তান । তাঁর পৈতৃক ঠিকানা এ গ্রামে ।
বিদ্যালয়ের সভাপতি মো. হাবিব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মো. নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক কাজী মোর্শেদ তালাত বানু, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ মিনার শুধু একটি স্থাপনা নয়; এটি ভাষাশহীদদের আত্মত্যাগ, মাতৃভাষার মর্যাদা ও বাঙালির জাতীয় পরিচয়ের প্রতীক । নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরতে এ ধরনের স্থাপনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । নবনির্মিত মঞ্চ ও শহীদ মিনারটি বিদ্যালয়ের শিক্ষা, সাংস্কৃতিক ও স্মরণমূলক কার্যক্রমে ব্যবহৃত হবে ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মরহুম নাসির উদ্দিনের সেজো কন্যা বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক উপস্থাপিকা নুরজাহান ভূঁইয়া ঋতু প্রতিবছর দুজন মেধাবী ছাত্রীকে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়ার ঘোষণা দেন । পাশাপাশি অর্থাভাবে যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি । এ জন্য প্রধান শিক্ষককে এমন শিক্ষার্থীদের খুঁজে তালিকা তৈরির নির্দেশ দেন ।
এ সময় কবি ডাক্তার আবুল হাসান বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের নামসংবলিত একটি সম্মাননা ফলক প্রধান শিক্ষকের কক্ষে স্থাপনের উদ্যোগ নিতে প্রধান অতিথির প্রতি আহ্বান জানান । পরে তিনি মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার স্মরণে নামের বর্ণমালা দিয়ে রচিত একটি স্বরচিত কবিতা পাঠ করেন । কবিতা পাঠ শেষে মরহুমের সেজো মেয়ে নুরজাহান ভূঁইয়া ঋতুর হাতে কবিতার পাণ্ডুলিপি তুলে দেন তিনি ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য রাকিব উদ্দিন ভূঁইয়া, কহিনুর উদ্দিন ভূঁইয়া ও মনির উদ্দিন ভূঁইয়াসহ অন্য অতিথিরা বক্তব্য দেন ।
বিদ্যালয়ের সভাপতি মো. হাবিব উদ্দিন ভূঁইয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।