মহাসড়কে তিন চাকার গাড়ি চলতে দেওয়া হবে না: মানিকগঞ্জের ডিসি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
তিন চাকার যানবাহনকে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ উল্লেখ করে মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে এসব যান চলাচল করতে না দেওয়ার কথা জানিয়েছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা ।
শনিবার সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক নিশ্চিত করণ বিষয়ক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
জেলা প্রশাসক বলেন, ‘রুট পারমিট ছাড়া কোনো গাড়ি সড়কে চলতে পারবে না । লাইসেন্সবিহীন চালকের হাতে গাড়ি দেওয়া যাবে না । গাড়ির হেলপাররা যাতে চালকের আসনে বসতে না পারেন, তা নিশ্চিত করতে হবে । গাড়ির চালক ও হেলপারদের ডোপ টেস্ট করতে হবে । নেশায় আসক্তদের গাড়ি থেকে নামিয়ে দিতে হবে ।’
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়কের ত্রুটি চিহ্নিত করে তা নিরসনে সড়ক ও জনপথ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেন তিনি। দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক ।
জেলা প্রশাসনের আয়োজনে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. খায়রুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিষা রাণী কর্মকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী মোবারক হোসেন ।
এ ছাড়া বক্তব্য দেন জেলা কৃষকদলের সভাপতি গোলাম কিবরিয়া সাইদ, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি খন্দকার তুহিন ।
সভায় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা, দুর্ঘটনা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর করণীয় নিয়ে আলোচনা হয়। ট্রাফিক আইন মেনে চলা, চালকদের বৈধ লাইসেন্স ও যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র নিশ্চিত করা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয় । সভায় বিভিন্ন বাস মালিক ও শ্রমিক সমিতি, হাইওয়ে পুলিশ এবং ট্রাফিক পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।