ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মাসুম ফুটবল একাডেমি
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পিএম
সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জে ওস্তাদ মোহাম্মদ আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে সিংগাইরের যুব কল্যাণ উন্নয়ন সংঘকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর উপজেলার মাসুম ফুটবল একাডেমি । চ্যাম্পিয়ন দল পেয়েছে ৫০ হাজার টাকা প্রাইজমানি । রানার্সআপ দল পেয়েছে ৩০ হাজার টাকা ।
শুক্রবার মানিকগঞ্জ সদর উপজেলার ডাউটিয়া মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জয় তুলে নেয় মাসুম ফুটবল একাডেমি । ডাউটিয়া বুলবুল ক্লাব আয়োজিত এ টুর্নামেন্টে অংশ নেয় আটটি দল ।
ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা এমপি ।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ডা. এ এম কাইয়ুম রহমানের সভাপতিত্বে এবং ডাউটিয়া বুলবুল ক্লাবের সভাপতি আরিফ মোল্লার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য-সচিব গোলাম কিবরিয়া সাইদ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন, বিএনপি নেতা আক্কসা আলী খোকন ও জাতীয় ফুটবল দলের সাবেক কোচ মোশাররফ হোসেন বাদল ।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওস্তাদ মোহাম্মদ আলীর পরিবারের সদস্যরা, বেসরকারি সংস্থা পাসার নির্বাহী পরিচালক ফরিদ খান দাউদ, উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, সাবেক ছাত্রনেতা সামসুল হক, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমান ফরহাদ, জেলা কৃষকদলের সহসাংগঠনিক সম্পাদক মেজবাহ উদ্দিন রতন, দিঘী ইউনিয়ন কৃষকদলের সভাপতি লেবু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।