গংগাচড়ায় স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কারে ‘কিশামত শেরপুর মানব কল্যাণ সংঘ

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১১:২৪ পিএম

রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি 

রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের কিশামত শেরপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাশ্রমে ১০টি মেঠো রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ করছেন নবগঠিত ‘কিশামত শেরপুর মানব কল্যাণ সংঘ’-এর সদস্যরা। সংগঠনের সভাপতি থেকে শুরু করে সাধারণ সদস্যরাও এ কাজে অংশ নিচ্ছেন। তাঁদের এই উদ্যোগে প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৭টার দিকে জলিরপাড় গ্রামে রাস্তা সংস্কার ও মাটি ভরাটের কাজ করতে দেখা যায় সংগঠনের সদস্যদের। স্থানীয় যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যেই তাঁরা স্বেচ্ছাশ্রমে এ উদ্যোগ নিয়েছেন বলে জানান সংগঠনের নেতারা।

সংগঠনের নেতারা বলেন, এলাকার মানুষের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে তাঁরা সংগঠনটি গড়ে তুলেছেন। নিজস্ব উদ্যোগে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন তাঁরা। তবে এসব রাস্তার উন্নয়নে আরও সহযোগিতা প্রয়োজন।

গঙ্গাচড়া আসনের সংসদ সদস্য রায়হান সিরাজির দৃষ্টি আকর্ষণ করে সংগঠনের পক্ষ থেকে বলা হয়, তিনি যদি রাস্তা সংস্কারের কাজে আরও সহযোগিতা করেন, তাহলে ৬ নম্বর ওয়ার্ডের ভাঙাচোরা রাস্তাগুলোর দুর্ভোগ অনেকটাই কমানো সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, এলাকার রাস্তা সংস্কারে সংগঠনটির সদস্যরা যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়। স্বেচ্ছাশ্রমে রাস্তার উন্নয়নে তাঁদের এই প্রচেষ্টা স্থানীয় মানুষের উপকারে আসবে বলে তাঁরা আশা করছেন।

কাজ চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা মো. এরশাদ মিয়া, সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মমিনুর রহমান এবং উপদেষ্টামণ্ডলীর সদস্য নুর মোস্তফা বুলু মাস্টার, মো. মির্জা মিয়া, মো. মুসলিম উদ্দিন, আবদুল হাদি, হাফেজ জয়নাল আবেদিন, লাল মিয়া, আবু সাইদ, আনোয়ারুল ইসলাম, মিটু মিয়া, সাদেকুল ইসলাম,এরশাদহোসেন ও দুলাল মিয়া।

এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংগঠনটির এই স্বেচ্ছাশ্রমমূলক উদ্যোগ অব্যাহত থাকলে স্থানীয় মানুষের দীর্ঘদিনের রাস্তা-সংক্রান্ত দুর্ভোগ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com