দাওয়াত রইলো" ঘিওর হেডকোয়ার্টারে হবে চূড়ান্ত হা-ডু-ডু খেলা এবং দৌলতপুরে হবে লাঠি খেলা—বললেন এমপি জিন্নাহ কবির

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পিএম

সোহেল রানা খন্দকার, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

“আপনাদের দাওয়াত রইল, ঘিওর হেডকোয়ার্টারে হবে চূড়ান্ত হা-ডু-ডু খেলা, আর দৌলতপুরে হবে লাঠিখেলা ।” গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজনের ঘোষণা দিয়ে এ কথা বলেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির । তিনি মনে করেন, দেশীয় খেলাধুলার প্রসারের মাধ্যমে তরুণদের মাঠমুখী করা এবং মাদক থেকে দূরে রাখতে ভূমিকা রাখা সম্ভব ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলার দেওভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত হা-ডু-ডু খেলার ফাইনাল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন ।

বীরসিংজুরী, রুহন্ডী ও সিংজুরী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার ফাইনালে বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাবকে ২ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিংজুরী ইউনিয়নের কামারজাগী ভোরের আলো যুব সংঘ । রানার্সআপ হয় পয়লা ইউনিয়নের বড় কুষ্টিয়া স্পোর্টিং ক্লাব ।

এস এ জিন্নাহ কবির বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে । মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণদের মাঠমুখী করতে হা-ডু-ডু ও লাঠিখেলার মতো দেশীয় খেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ।

সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে খেলা উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক শাহানুর রহমানের সঞ্চালনায় খেলার উদ্বোধন করেন ব্যারিস্টার জাওয়াদুল করিম নয়ন ।

এ সময় উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, যুগ্ম সম্পাদক জানে আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শওগত আলী খান, সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মো. আসাদুর রহমান মিঠু এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ।

খেলা ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায় । দুপুর থেকেই বিভিন্ন বয়সী দর্শক মাঠে জড়ো হতে থাকেন । একপর্যায়ে মাঠের চারপাশ দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। দুই দলের খেলোয়াড়দের আক্রমণ ও প্রতিরোধে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ ।

আয়োজকেরা জানান, গ্রামবাংলার ঐতিহ্য ধরে রাখা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com