ময়মনসিংহ মেডিকেলে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনুপস্থিত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা ও ১৬ হাজার কোটি টাকার টেন্ডারের ঘোষণা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসকদের ডিউটি রোস্টার পরীক্ষা করেন এবং অনিয়ম ও গাফিলতির প্রমাণ পান।
পরিদর্শনের সময় মন্ত্রী নিজে হাজিরা খাতার সাথে রোস্টার মেলালে একাধিক চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পান। এছাড়া কয়েকজন চিকিৎসককে নির্ধারিত সময়ের অনেক পরে আসতে দেখা যায়। কাজের অবহেলার বিষয়ে সতর্ক করে কঠোর প্রশাসনিক ব্যবস্থার হুঁশিয়ারি দেন মন্ত্রী।
হাসপাতালের বাথরুম ও ফ্লাশের চরম বেহাল দশা দেখে আগামীকালের মধ্যে সিটি কর্পোরেশনের সহায়তায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জেলা প্রশাসক ও পরিচালককে নির্দেশ দেন তিনি। একই সাথে, ময়লার স্থানে ক্যানুলা ও সিরিঞ্জ পাওয়ার ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে কঠোর ব্যবস্থার ঘোষণা দেন।
"এখানে অনেকগুলি ডাক্তার এবসেন্ট পেয়েছি। নেট কতজন এবসেন্ট দেখব, দেখে আমরা বিভাগীয় ব্যবস্থা নেব। অনেকে ১০টায় এসেছে, পৌনে ১১টায় এসেছে; এটাও আমরা ব্যবস্থা নেব। বাথরুমগুলো অনেকগুলি খারাপ। সিটি কর্পোরেশন থেকে এগুলি পরিষ্কার করার জন্য আগামীকাল সন্ধ্যার মধ্যে লোডাউন লাগিয়ে আমাকে ভিডিও করে দেখাতে হবে। ক্যানুলা ও সিরিঞ্জ ময়লার স্থানে পাওয়ার বিষয়ে তদন্ত রিপোর্ট আমার কাছে পাঠালে, কোন গাফিলতি বা দুর্নীতি থাকলে আমরা একশনে যাব।"
আইসিইউ ও স্বাস্থ্যখাতে সংস্কার পরিকল্পনা
পেডিয়াট্রিক আইসিইউ বা শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে জনবল সংকটের বিষয়টি নজরে আসলে আগামী সপ্তাহের মধ্যেই ফুলপুর, তারাকান্দা ও জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রয়োজনীয় লোকবল পদায়নের নির্দেশ দেন মন্ত্রী।
একই সাথে তিনি জানান, ফুলপুর ও তারাকান্দা হাসপাতালকে ১৫১ শয্যায় রূপান্তর করা হবে, যেখানে ডায়ালিসিস, ফিজিওথেরাপি ও মা-শিশুর জন্য পৃথক শয্যার ব্যবস্থা থাকবে।
"বিগত ১৭ বছর ফ্যাসিবাদের কারণে স্বাস্থ্যখাতে যে বিশাল অব্যবস্থাপনা ছিল, তা কাটিয়ে উঠতে আমরা কাজ শুরু করেছি। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে স্বাস্থ্যখাতে একটা বৈপ্লবিক টেন্ডার আহ্বান আসবে। সকল উপজেলায় প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার হবে। ৫ হাজার ডাক্তার, আড়াই হাজার মিডওয়াইফ ও নার্স নিয়োগ হচ্ছে। পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলি সব ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার হয়ে যাবে।"
প্রাইভেট ক্লিনিক ও দালাল চক্রের প্ররোচনায় রোগী মৃত্যুর ঘটনার বিষয়েও সতর্ক বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসাসেবার মান বাড়াতে ও তৃণমূল পর্যায়ে ওষুধ সরবরাহ নিশ্চিতে শিগগিরই বড় পরিবর্তনের আশ্বাস দেন তিনি।