রংপুরে অটো চুরির অভিযোগে গণপিটুনি, মৃত্যু দুই ব্যক্তির
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পিএম
রফিকুল ইসলাম সাবুল : রংপুর প্রতিনিধি
রংপুরের গংগাচড়ায় অটো চুরির অভিযোগকে কেন্দ্র করে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোরে জেলার গংগাচড়া উপজেলার বড়বিল ইউনিয়নের টুকুর খুলির দোলায় এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।
পুলিশ সূত্রে খবর, স্থানীয় মতিন মেম্বারের ছেলে সোহেলের অটো চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা। এর পর চিৎকার-চেঁচামেচি শুরু হলে আশপাশের লোকজন জড়ো হন। অভিযোগ, এর পরই দুই ব্যক্তিকে ধরে গণপিটুনি দেওয়া হয়। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে দুই ব্যক্তির দেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
গংগাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সবুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটল, অটো চুরির অভিযোগের ভিত্তি কী এবং গণপিটুনিতে কারা জড়িত ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ।
অভিযোগের সত্যতা যাচাই ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে তদন্ত চলছে।