জাবরা স্মরণিকা বিদ্যালয়ে প্রতিবছর দুই মেধাবী ছাত্রী পাবে ২০ হাজার টাকা

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পিএম

সোহেল রানা খন্দকার, ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি:

প্রতিবছর দুজন মেধাবী ছাত্রীকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক উপস্থাপিকা নুরজাহান ভূঁইয়া ঋতু । মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা শহীদ স্মরণিকা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এ বৃত্তি চালু করা হচ্ছে ।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার স্মরণে তাঁর পরিবারের আর্থিক সহযোগিতায় নির্মিত মঞ্চ ও শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন ঋতু । তিনি মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার ছোট মেয়ে ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার ও সাবেক সচিব ড. জাহাঙ্গীর আলম খান বিদ্যালয়ের ভিতরে মাঠের পূর্ব পাশে নবনির্মিত মঞ্চ ও শহীদ মিনার উদ্বোধন করেন । উদ্বোধনের পর ওই মঞ্চেই আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

বিদ্যালয়ের সভাপতি মো. হাবিব উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এবং মো. নাজিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম ।

ঘোষণা অনুযায়ী, ঋতুর মা মরহুমা লুৎফুন্নাহার ও বাবা মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার নামে প্রতিবছর দুজন মেধাবী ছাত্রীকে ১০ হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে । এ ছাড়া অর্থাভাবে যেসব শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে, তাদের শিক্ষার দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি । এ জন্য প্রধান শিক্ষককে এমন শিক্ষার্থীদের চিহ্নিত করে তালিকা তৈরির নির্দেশ দেন ।

অনুষ্ঠানে ঢাকা কলেজের ইতিহাস বিভাগের প্রধান অধ্যাপক কাজী মোর্শেদ তালাত বানু, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহির উদ্দিন, আজীবন দাতা সদস্য, প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন ।

এ সময় কবি ও চিকিৎসক আবুল হাসান বিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিদের নামসংবলিত একটি সম্মাননা ফলক প্রধান শিক্ষকের কক্ষে স্থাপনের উদ্যোগ নিতে আহ্বান জানান । পরে তিনি মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার স্মরণে তাঁর নামের বর্ণমালা দিয়ে রচিত একটি স্বরচিত কবিতা পাঠ করেন । কবিতার পাণ্ডুলিপি নুরজাহান ভূঁইয়া ঋতু ও তাঁর পরিবারের সদস্যদের হাতে তুলে দেন ।

অনুষ্ঠানে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মরহুম নাসির উদ্দিন ভূঁইয়ার বড় মেয়ে নাসরীন মোস্তফা, মেজ মেয়ে পারভীন ভূঁইয়া, সেজ মেয়ে ইয়াছমিন ভূঁইয়া এবং একমাত্র ছেলে মো. লায়েছ উদ্দিন ভূঁইয়া সাগর উপস্থিত ছিলেন ।

বিদ্যালয়ের সভাপতি মো. হাবিব উদ্দিন ভূঁইয়ার সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।

উল্লেখ্য, দুদক কমিশনার ড. জাহাঙ্গীর আলম খান ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের জাবরা নয়াপাড়া গ্রামের সন্তান । তার পৈতৃক ঠিকানা এ গ্রামে ।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com