বাবুই শিশুসাহিত্য উৎসব: 'পাখপাখালির ছড়া' গ্রন্থের জন্য সেরা লেখক কবি এনামুল হক পলাশ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৬ এএম
রিপন কান্তি গুণ, নেত্রকোনা;
'বাবুই শিশুসাহিত্য উৎসব-২০২৬' এ নিজের অনবদ্য সৃষ্টি 'পাখপাখালির ছড়া' গ্রন্থের জন্য সেরা লেখকের মুকুট পরলেন নেত্রকোনার কবি ও শিশুসাহিত্যিক এনামূল হক পলাশ।
রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে দিনব্যাপী জাঁকজমকপূর্ণ আয়োজনে (২৪ অক্টোবর) শনিবার 'শিশুসাহিত্য উৎসব-২০২৬' এ এই সম্মাননা প্রদান করা হয়।
সকাল সাড়ে ৮টায় রেজিস্ট্রেশন বুথ থেকে উৎসবের ব্যাগ ও কুপন সংগ্রহের মধ্য দিয়ে দিনভর এই বৃহৎ আয়োজনের সূচনা ঘটে। এরপর বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট ছড়াকার আবু সালেহ ফিতা কেটে এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজনের শুরুতে স্বাগত বক্তব্য ও উৎসবের প্রেক্ষাপট তুলে ধরেন শিশুসাহিত্য উৎসব উদযাপন কমিটির সদস্য-সচিব কাদের বাবু।
সারাদেশ থেকে আগত তিন শতাধিক শিশুসাহিত্যিকের প্রাণবন্ত উপস্থিতিতে মুখরিত ছিল পুরো উৎসব প্রাঙ্গণ। দিনব্যাপী এই আয়োজনে ছিল শিশুদের ছবি আঁকা প্রতিযোগিতা, তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা, জাদুকরী প্রদর্শনী এবং লেখক-সম্পাদকের মুখোমুখি সংলাপসহ নানা বৈচিত্র্যময় পর্ব।
উদ্বোধনী পর্বের পরপরই 'শিশুসাহিত্যের সংকট ও সম্ভাবনা' শীর্ষক প্রবন্ধ পাঠ ও মূল আলোচনা অনুষ্ঠিত হয়। গুণীজনদের উপস্থিতিতে পর্বটি পেয়েছিল ভিন্ন মাত্রা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন- বিশিষ্ট ভাষাবিজ্ঞানী, গবেষক ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক অধ্যাপক মনসুর মুসা। কবি রেজাউদ্দিন স্টালিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা সমৃদ্ধ করেন কবি হাসান হাফিজ, শিশুসাহিত্যিক রোকেয়া খাতুন রুবী এবং শিশুসাহিত্যিক জুলফিকার শাহাদাৎ।
দিনব্যাপী উৎসবের পরতে পরতে ছড়ানো ছিল বৈচিত্র্যময় সব আয়োজন। একদিকে যেমন শিশুদের রং-তুলিতে ক্যানভাস রাঙানোর প্রতিযোগিতা চলছিল, অন্যদিকে চা-চক্রের ফাঁকে ফাঁকে জমে ওঠে দেশের নানা প্রান্ত থেকে আসা কবি ও লেখকদের প্রাণবন্ত ছড়া ও কবিতা পাঠের আসর। দুপুরের বিরতির আগে লেখকদের উপস্থিত বুদ্ধিমত্তা ও সৃজনশীলতার এক চমৎকার পরীক্ষা হয়ে যায় 'তাৎক্ষণিক গল্প ও ছড়া লেখা' প্রতিযোগিতার মধ্য দিয়ে।
মধ্যাহ্ন ভোজের পর আয়োজিত মনোজ্ঞ জাদু প্রদর্শনী উপস্থিত শিশু-কিশোর থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ লেখকদেরও মুগ্ধ করে। জাদুর রেশ কাটতে না কাটতেই শুরু হয় প্রবীণ ও নবীন শিশুসাহিত্যিকদের জমজমাট ছড়াপাঠের আসর।
বিকেলের অধিবেশন পর্বে জাতীয় দৈনিক পত্রিকাগুলোর শিশুসাহিত্য পাতার সম্পাদকদের সঙ্গে সরাসরি প্রশ্নোত্তর ও মুখোমুখি সংলাপে অংশ নেন তরুণ ও নবীন লেখকরা। শিশুসাহিত্যের মানোন্নয়ন এবং নতুন প্রজন্মের লেখকদের জন্য জাতীয় পরিসরে লেখার সুযোগ সৃষ্টির বিষয়ে এ পর্বে গঠনমূলক ও সময়োপযোগী আলোচনা হয়।
দিন শেষে ঘোষণা করা হয় বহুল প্রতীক্ষিত 'বাবুই সেরা লেখক সম্মাননা ২০২৬'। অন্যান্য গুণীজনদের সাথে ‘পাখপাখালির ছড়া’ গ্রন্থের জন্য সেরা লেখক হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন কবি ও শিশু সাহিত্যিক এনামূল হক পলাশ। এ সময় সম্মাননাপ্রাপ্ত লেখকদের অনুভূতি প্রকাশ উৎসব প্রাঙ্গণে আবেগঘন ও প্রেরণাদায়ী পরিবেশের সৃষ্টি করে।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সফল পরিসমাপ্তি ঘটে দেশের অন্যতম বৃহৎ এই সাহিত্য উৎসবের। আয়োজকদের কণ্ঠে ছিল একটিই গভীর প্রত্যাশা- নবীন-প্রবীণের মেলবন্ধন ও উৎসব বাংলাদেশের শিশুসাহিত্যের আঙিনাকে আগামীতে আরও সমৃদ্ধ, মননশীল এবং গতিশীল করে তুলবে।