জয়পুরহাটের পাঁচবিবিতে সাবেক ফুটবলাররা হাকিম মন্ডলকে ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৪ পিএম
জয়পুরহাট প্রতিনিধি: আব্দুল কাদের
জয়পুরহাটের পাঁচবিবির একমাত্র সাবেক ফুটবলারদের ক্রীড়া সংগঠন "সোনালী অতীত ফুটবল ক্লাবের" পক্ষ থেকে পাঁচবিবির বিশিষ্ট ব্যবসায়ী বিভিন্ন মসজিদ মাদ্রাসা ও এতিমখানার উন্নয়নের অগ্রপথিক আলহাজ্ব মোঃ আব্দুল হাকিম মন্ডলকে ক্রেস্ট ও ফুল দিয়ে শ্রদ্ধা ও শুভেচ্ছা জানানো হয়।
গতকাল শনিবার দুপুরে পাঁচবিবি খাদ্য গুদাম সংলগ্ন তার অটো রাইস মিল অফিসে গিয়ে সাবেক ফুটবলারগণ তাকে এ সংবর্ধনা প্রদান করেন। মানবিক ও দানবীর হিসেবে পরিচিত এই ব্যক্তি পাঁচবিবি উপজেলা ক্রীড়া সংস্থার একসময় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সংগঠনের সদস্য সচিব মেহেদী হাসান অর্ণব বলেন, সোনালী অতীত ফুটবল ক্লাবের উদ্যোগে গত ২৯ আগস্ট পাঁচবিবির কৃতি সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। সাবেক এই ক্রীড়া সংগঠক তখন দেশের বাইরে অবস্থান করায় ক্রেস্ট প্রদান করা সম্ভব হয়নি।
ক্লাবের উপদেষ্টা প্রবাসী আলিম আল রাজী, আনোয়ার হোসেন ও জাহিদুর রহমান অশ্রুর অনুরোধে আজ তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হলো।
এসময় সোনালী অতীত ফুটবল ক্লাবের সোনালী অতীতের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সম্পাদক হারুনুর রশিদ হারুন ও সদস্য সচিব মেহেদী হাসানের নেতৃত্বে পাঁচবিবির সাবেক ফুটবলার ও বিশিষ্ট ব্যবসায়ী শ্রী ভরত প্রসাদ গোয়াল, বন্ধন এনজিওর পরিচালক মোঃ শফিকুল আলম বিপ্লব চৌধুরী, সাবেক ফুটবলার শফিউল ইসলাম, শ্রী রবি উড়াও ও মোঃ জাহাঙ্গীর আলম রকি সহ আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।
আগামী ডিসেম্বর মাসে পাঁচবিবি স্টেডিয়ামে সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম লন্ডন সোনালী অতীত ফুটবল ক্লাবের মধ্যে একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
উক্ত প্রীতি ম্যাচ সুন্দরভাবে পরিচালনার জন্য সাবেক এই ক্রীড়া সংগঠক হাকিম মন্ডলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হবে। এ বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
আগামী সোমবার সকাল সাড়ে ১০'টায় পাঁচবিবির রঙ্গন গ্র্যান্ড হাউজ বলরুমে উক্ত কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
উক্ত মিটিংয়ে সংগঠনের সকল সদস্য ও সাবেক ফুটবলার ক্রিয়ামোদিদের উপস্থিত থাকার আহ্বান জানান সদস্য সচিব মেহেদী হাসান অর্ণব।