বোরহান উদ্দিনের ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পিএম

আবুল বাশার ​বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের জয়া বাজারে ডেঙ্গু প্রতিরোধ এবং সার্বিক পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

​স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতায় জয়া বাজারে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনোরঞ্জন বর্মন।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন বোরহান উদ্দিন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মোঃ রিফাত হোসেন। 

​অভিযানকালে জয়া বাজারের বিভিন্ন অলিগলি, ড্রেন ও আশপাশের জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং জমাটবদ্ধ পানি অপসারণ করা হয়, যাতে ডেঙ্গুবাহী এডিস মশার বংশ বিস্তার রোধ করা সম্ভব হয়। এর পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মাঝে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে উদ্বুদ্ধকরণ আলোচনা করা হয়।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পর্যায়ে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যগণ, স্বাস্থ্য সহকারী, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মাদ্রাসার সুপার, ইউপি প্রশাসনিক কর্মকর্তা এবং গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।

​অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মন বলেন, "নিজের চারপাশ পরিষ্কার রাখা এবং সচেতন থাকাই ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়। ডেঙ্গুমুক্ত ও সুস্থ পরিবেশ গঠনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।" স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরাও নিজ নিজ আঙ্গিনা ও বাজার সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com