কালীগঞ্জ মটর মালিক ডোপ টেস্টের কীট ক্রয়ের ৫০ হাজার টাকা প্রদান

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৯:২২ পিএম

একরামুল ইসলাম তুষার, ঝিনাইদহ প্রতিনিধি :

ঝিনাইদহ কালীগঞ্জে মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কালীগঞ্জ থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন কালীগঞ্জ মটর মালিক সমিতির নেতৃবৃন্দ। ডোপ টেস্টের কীট ক্রয়ের জন্য নগদ ৫০ হাজার টাকা কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার হোসেনের নিকট হস্তান্তর করা হয়।

সাম্প্রতিক সময়ে কালীগঞ্জে মাদকসেবীদের উৎপাতে সাধারণ জনতা অতিষ্ঠ হয়ে উঠেছে। বর্তমান অফিসার ইনচার্জ যোগদানের পর থেকে মাদকবিরোধী কঠোর অবস্থান নেওয়ায় জনমনে স্বস্তি ফিরতে শুরু করেছে। জানা গেছে, এই কর্মকর্তার তৎপরতায় এ পর্যন্ত প্রায় অর্ধশতাধিক মাদকাসক্তের ডোপ টেস্ট করা হয়েছে এবং সবার শরীরেই মাদকের উপস্থিতি (পজেটিভ) প্রমাণিত হয়েছে। ডোপ টেস্টের এই কড়াকড়ির কারণে ভদ্রবেশী মাদকসেবীদের মধ্যে বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা পুলিশের এই সাহসী ও প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কালীগঞ্জকে একটি মাদকমুক্ত জনপদ হিসেবে গড়ে তুলতে মটর মালিক সমিতির পক্ষ থেকে এই অর্থ সহায়তা প্রদান করা হয়।

টাকা প্রদানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ মটর মালিক সমিতির সভাপতি আলহাজ্ব ফরিদ উদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তপন মিয়া, সহ-সাধারণ সম্পাদক পুটু মিয়া, কোষাধ্যক্ষ সুজা মিয়া, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল্লাহ পাটোয়ারী, বাসের লাইন সেক্রেটারি মিজানুর রহমান, সহ-লাইন সেক্রেটারি আজিজুর রহমান তপন মিয়া।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সমিতির কর্মকর্তা সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু, মাসুদ মিয়া ও হাফিজুর রহমান প্রমুখ।

এ সময় মটর মালিক সমিতির নেতৃবৃন্দ কালীগঞ্জ থানাকে মাদকমুক্ত করতে পুলিশ প্রশাসনকে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস দেন।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুলফিকার হোসেন বলেন, “যতদিন এই কালীগঞ্জ থানাতে কর্মরত থাকব, ততদিন জনমানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে মাদক নির্মূলে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com