পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারি ইন্টারন্যাশনালের অঙ্গীকার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
বিশ্ব পোলিও দিবস উপলক্ষে জনসচেতনতা বৃদ্ধি এবং পোলিওমুক্ত বিশ্ব গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চট্টগ্রামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাংয়ের উদ্যোগে চিটাগাং ক্লাবে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটারিয়ান মোহাম্মদ সালাউদ্দিন।
সেমিনারে অনলাইনে যুক্ত হয়ে বিশ্ব পোলিও দিবসের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্লাবের লার্নিং ফ্যাসিলিটেটর সিপি মোহাম্মদ শাহজাহান।
অনুষ্ঠানে বক্তব্য দেন রোটারিয়ান পিপি আজিজুল গনি চৌধুরী, রোটারিয়ান পিপি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোহাম্মদ বেলাল, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ মনসুর মিয়া, পরিচালক রোটারিয়ান শেখ ফরিদ, পরিচালক রোটারিয়ান মোহাম্মদ হান্নান, বুলেটিন এডিটর রোটারিয়ান এস এম সাজ্জাদ হোসাইন, জয়েন্ট বুলেটিন এডিটর রোটারিয়ান আবদুল্লাহ আল মামুন, জয়েন্ট সার্জেন্ট অ্যাট আর্মস রোটারিয়ান ইঞ্জিনিয়ার জামাল উদ্দিন, রোটারিয়ান জয়াশীস দাশ এবং রোটারিয়ান অ্যাডভোকেট মোহাম্মদ আইয়ুব আলী।
বক্তারা বলেন, পোলিওমুক্ত বিশ্ব গড়া রোটারি ইন্টারন্যাশনালের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার। এ লক্ষ্য অর্জনে টিকাদান কর্মসূচি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিয়মিত টিকার আওতায় আনা জরুরি। সম্মিলিত উদ্যোগ ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে বিশ্বকে পোলিওমুক্ত করা সম্ভব।
তাঁরা আরও বলেন, প্রতিবছর ২৪ অক্টোবর বিশ্বব্যাপী বিশ্ব পোলিও দিবস পালিত হয়। দিবসটির মূল উদ্দেশ্য হলো পোলিও রোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এ রোগ নির্মূলে বৈশ্বিক উদ্যোগকে আরও গতিশীল করা।
পোলিও একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা প্রধানত পাঁচ বছরের কম বয়সী শিশুদের আক্রান্ত করে। গুরুতর ক্ষেত্রে এ রোগের কারণে স্থায়ী পক্ষাঘাত দেখা দিতে পারে। তাই পোলিও প্রতিরোধে শিশুদের সময়মতো টিকা দেওয়া এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্ব থেকে পোলিও নির্মূলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), রোটারি ইন্টারন্যাশনাল, ইউনিসেফ, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি), বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং বিভিন্ন দেশের সরকার যৌথভাবে কাজ করছে।
বক্তারা আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সহযোগিতা, কার্যকর টিকাদান কর্মসূচি এবং জনসচেতনতা বৃদ্ধির ধারাবাহিকতা বজায় থাকলে পোলিও নির্মূলের লক্ষ্য অর্জন সম্ভব হবে। এ জন্য বিশ্বব্যাপী সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।