বদরগঞ্জে ট্রেন লাইনচ্যুত, চালক-গার্ডের ওপর যাত্রীদের হামলার অভিযোগ
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:৪৪ পিএম
মোঃ শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া, রংপুর প্রতিনিধি:
রংপুরের বদরগঞ্জে একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে মাটিতে পড়ে গেছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে উপজেলার ১৩ নম্বর রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার পর ক্ষুব্ধ কয়েকজন যাত্রীর বিরুদ্ধে ট্রেনের চালক ও গার্ডকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ট্রেনে থাকা কয়েকজন যাত্রী জানান, ১৩ নম্বর রেলঘুন্টির মেইন পয়েন্ট পার হওয়ার পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তাঁরা। এরপর ট্রেনটি থামিয়ে দেওয়া হলে যাত্রীরা নেমে আসেন। পরে দেখা যায়, ট্রেনটির চারটি চাকা রেললাইন থেকে ছিটকে মাটিতে পড়ে আছে।
দুর্ঘটনার পর ট্রেনের চালক রফিকুল ইসলাম ও গার্ড বজলুল হকের ওপর ক্ষুব্ধ হন কয়েকজন যাত্রী। একপর্যায়ে তাঁদের মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি বেগতিক দেখে চালক ট্রেন থেকে নেমে যান।
ট্রেনের পরিচালক বজলুল করিম বলেন, মেইন সিগন্যাল পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে ব্রেক করা হয়। পরে কয়েকজন যাত্রী চালককে দায়ী করে ক্ষোভ প্রকাশ করেন এবং চালক ও গার্ডকে মারধর করেন বলে জানা গেছে।
চালক রফিকুল ইসলাম জানান, ট্রেন থামানোর পর স্থানীয় কয়েকজন তাঁকে মারধর করেন। তবে দুর্ঘটনার জন্য তাঁর কোনো দায় নেই বলে দাবি করেন তিনি।
বদরগঞ্জ রেলওয়ে স্টেশনমাস্টার ইমরুল কাইস বলেন, আন্তঃনগর ট্রেনটি সান্তাহার থেকে ছেড়ে আসে। ট্রেনটিকে লাইন ক্লিয়ার দেওয়া হয়েছিল এবং সিগন্যালও যথাযথভাবে দেওয়া হয়। মেইন লাইনের পয়েন্টও ঠিক ছিল। পয়েন্ট পার হওয়ার পর ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হয়।
স্টেশনমাস্টার আরও বলেন, দুর্ঘটনার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রমনা নামের আরেকটি ট্রেনের চলাচলও বন্ধ রয়েছে। রেললাইন স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।
তবে ট্রেনটির চারটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।