চট্টগ্রামে মোটরসাইকেল চুরির অভিযোগে ২ জন গ্রেপ্তার, উদ্ধার প্রাইভেটকারসহ মোটরসাইকেল

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম

চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে চোরাইকৃত একটি মোটরসাইকেল ও চুরির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কথিত চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও আদনান উদ্দিন (২৮)। শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটে নগরীর পাঁচলাইশ থানাধীন মমিনবাগ ৪ নম্বর সড়কের নাহার ভবনের নিচতলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৮ অক্টোবর রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে বায়েজিদ বোস্তামী থানাধীন ৭ নম্বর ওয়ার্ডের রৌফাবাদ বাগদাদ হোটেলের সামনে মো. জামাল উদ্দিন জিকু (২৭) নামের এক ব্যক্তিকে মারধর ও হত্যার হুমকি দিয়ে তাঁর ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় গাজী সারোয়ার শ্রাবন (৩২) নামের এক ব্যক্তি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে সঙ্গে নিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকারে ঘটনাস্থলে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর এজাহারের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানায় ২১ অক্টোবর মামলা করা হয়। মামলাটির নম্বর ৩৫। এতে দণ্ডবিধির ৩৮২ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে এসআই বাহার মিয়া সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। অভিযানে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাঁদের হেফাজত থেকে ভুক্তভোগীর চোরাইকৃত একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল এবং চুরির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার উদ্ধার করা হয়। প্রাইভেটকারটির নিবন্ধন নম্বর চট্ট মেট্রো-ব-১২-১৫৮০।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুই ব্যক্তিকে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হয়েছে।

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com