মোবাইল উদ্ধার করতে গিয়ে ছিনতাইকারীর হামলায় নিহত ১, আটক অভিযুক্ত

বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম

নাজমুল হাসান, মাদারীপুরঃ

মাদারীপুরের রাজৈরে নিজের চুরি যাওয়া মোবাইল উদ্ধার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন মেরজন শেখ (৪০) নামের এক ব্যক্তি। চোরকে ধরতে তাকে ধাওয়া করার সময় অতিরিক্ত উত্তেজনায় হৃদক্রিয়া বন্ধ হয়ে (স্ট্রোক) ঘটনাস্থলেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ।

​শনিবার (২৪ অক্টোবর) সকালে রাজৈর উপজেলার ব্যস্ততম টেকেরহাট বন্দরে এ ঘটনা ঘটে। নিহত মেরজন শেখ রাজৈর উপজেলার বৌলগ্রাম এলাকার মিলন শেখের ছেলে। অভিযুক্ত মোবাইল চোরের নাম হাসিবুল খাঁ (২২)। সে একই উপজেলার বদরপাশা ইউনিয়নের দারাদিয়া গ্রামের ইলিয়াস খাঁর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত গত ২০ অক্টোবর রাজৈরের বৌলগ্রাম এলাকায় মেরজন শেখের বাড়িতে মাদ্রাসার সাহায্য চাওয়ার অছিলায় প্রবেশ করে হাসিবুল খাঁ। এ সময় কৌশলে ঘরের ভেতর ঢুকে মেরজনের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় সে।

​ঘটনার চার দিন পর শনিবার সকালে টেকেরহাট বন্দরে অভিযুক্ত হাসিবুলকে ঘুরতে দেখেন ভুক্তভোগী মেরজন শেখ। তাৎক্ষণিকভাবে নিজের মোবাইলটি উদ্ধারের জন্য তিনি হাসিবুলকে ধাওয়া করেন। কিছুদূর দৌড়ানোর পরেই হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মেরজন। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

​এদিকে ঘটনার পর পরই আশপাশের জনতা একত্রিত হয়ে অভিযুক্ত হাসিবুল খাঁকে হাতেনাতে আটক করে। পরে ক্ষুব্ধ জনতা তাকে রশি দিয়ে বেঁধে পুলিশে খবর দেয়। খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত হাসিবুলকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোরকে ধাওয়া করার সময় অতিরিক্ত উত্তেজনায় স্ট্রোক করে মেরজন শেখের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ প্রাপ্তিসাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

যোগাযোগের ঠিকানা:

বাংলাদেশ বার্তা টুডে

৫৬, চানখারপুল লেন, নাজিমুদ্দিন রোড, বংশাল, ঢাকা-১১০০

ইমেইল: info@bangladeshbartatoday.com