পঞ্চগড়ে ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজাসহ একজন গ্রেপ্তার
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ পিএম
সঞ্জু সৌরভ | পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড় | ২৪ অক্টোবর ২০২৬
পঞ্চগড় সদর উপজেলায় অভিযান চালিয়ে ৬১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজাসহ নবিরুল ইসলাম ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টা ৪০ মিনিটে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এসআরবি-১৩-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় নবিরুল ইসলামের শয়নকক্ষের খাটের নিচ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। পরে বাড়ির মালিক নবিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নবিরুল ইসলাম পঞ্চগড় সদর থানার ঘটবর এলাকার মৃত কবেদ আলীর ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তি ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৩ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।