চট্টগ্রামে অপহরণ ও মোটরসাইকেল ছিনতাই, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
বাংলাদেশ বার্তা টুডে ডেস্ক
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম
চট্টগ্রামে অপহরণ ও মোটরসাইকেল ছিনতাই, পুলিশ কনস্টেবলসহ গ্রেপ্তার ৪
চট্টগ্রাম থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ হাসান:
চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা পুলিশের অভিযানে অপহরণ ও মোটরসাইকেল ছিনতাইয়ের মামলায় এক পুলিশ কনস্টেবলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ভুক্তভোগীর ছিনিয়ে নেওয়া একটি মোটরসাইকেল উদ্ধার এবং আরও দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান জেলা পুলিশ লাইনে কর্মরত কনস্টেবল অনিক দাশ (২৭), সাতকানিয়ার দক্ষিণ কাঞ্চনা এলাকার বাসিন্দা; ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ওরফে অনিক ওয়াহিদ (৩৯), মহিউদ্দিন সেলিম (৫২) এবং মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ড (৩৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর রাতে বায়েজিদ বোস্তামী এলাকার বাসিন্দা মারুফুর রহমান অপু (২২) কয়েকজন বন্ধুকে নিয়ে তিনটি মোটরসাইকেলে কক্সবাজারের উদ্দেশে রওনা হন। পরদিন রাত দেড়টার দিকে খুলশী থানার ফয়’স লেক চক্ষু হাসপাতালের সামনে পৌঁছালে একটি মেরুন রঙের প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেল তাঁদের পথরোধ করে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় অপুকে মারধর ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে প্রাইভেট কারে তুলে নেওয়া হয়। তাঁর প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা মূল্যের ইয়ামাহা আর১৫ আর২এম মোটরসাইকেলটিও ছিনিয়ে নেওয়া হয়। পরে তাঁকে নগরীর বিভিন্ন স্থানে ঘোরানোর পর বায়েজিদ বোস্তামী থানার শেরশাহ এলাকায় নিয়ে প্রায় ২০ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন কেড়ে নিয়ে ফেলে রেখে যায় অভিযুক্ত ব্যক্তিরা।
পরে ফেসবুকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটির খোঁজ করতে গিয়ে ‘অহরশ’ নামের একটি আইডিতে বিক্রির পোস্ট দেখতে পান অপু। তাঁর সন্দেহ হলে আইডিটির সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ ৩০ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনার প্রস্তাব দেন এবং অগ্রিম পাঁচ হাজার টাকা পাঠান। পরে বায়েজিদ লিংক রোডের মুখে পুলিশ বক্সের সামনে মোটরসাইকেল হস্তান্তরের স্থান নির্ধারণ করা হয়।
পুলিশের সহায়তায় সেখানে অভিযান চালিয়ে পুলিশ কনস্টেবল অনিক দাশকে আটক করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিটাক বাজার এলাকা থেকে ওয়াহিদ মোহাম্মদ জেবল হোসেন ও মহিউদ্দিন সেলিমকে আটক করা হয়। পরে তাঁদের তথ্য অনুযায়ী, পাহাড়তলীর ফইল্লাতলী বাজার এলাকার একটি গ্যারেজে অভিযান চালিয়ে ২০ অক্টোবর ভোর সাড়ে চারটার দিকে ছিনিয়ে নেওয়া মোটরসাইকেলটি উদ্ধার এবং মোহাম্মদ ওয়াহিদ নাসির ওরফে ডায়মন্ডকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। জব্দ করা অন্য দুটি মোটরসাইকেলের মালিকানা ও ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।